গিলানির আদালত অবমাননার আদেশের বিরুদ্ধে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টের জারি করা আদালত অবমাননার আদেশ চ্যালেঞ্জ করে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কাছে এক আবেদন হয়েছে। দ্য ডন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে।গতকাল সোমবার আদালত অবমাননার অভিযোগে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি রুল জারি করেছেন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট জারদারিসহ অন্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো পুনরায় চালু করতে আদালতের দেওয়া নির্দেশনা পালন না করায় গতকাল প্রধানমন্ত্রী গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেন সুপ্রিম কোর্ট।এ আদেশ চ্যালেঞ্জ করে আজ লাহোরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ব্যারিস্টার জাফরুল্লাহ একটি আবেদন করেছেন। জাফরুল্লাহ তাঁর আবেদনে যুক্তি দেন, সংবিধানের ২৪৮ ধারার অধীনে প্রেসিডেন্টের মতো প্রধানমন্ত্রীও দায়মুক্তি পাবেন। ব্যারিস্টার জাফরুল্লাহ বলেছেন, প্রেসিডেন্টের দুর্নীতির বিষয়ে তথ্য চেয়ে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি লেখা প্রধানমন্ত্রীর কাজ নয়। আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে সশরীরে ১৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার আগে আদালতের উচিত আইনসচিব ও আইনমন্ত্রীকে তলব করা।২০০৭ সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সরকার ন্যাশনাল রিকনসিলেশন অর্ডিন্যান্স বা এনআরওর মাধ্যমে একটি সাধারণ দায়মুক্তি ঘোষণা করে। এর ফলে প্রেসিডেন্ট জারদারিসহ আরও শত শত রাজনৈতিক নেতা দুর্নীতিসহ অন্যান্য অভিযোগ থেকে মুক্তি পেয়ে যান। জারদারি অব্যাহতি পান সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচার মামলা থেকে।পরবর্তী সময়ে ২০০৯ সালে ওই এনআরও সুপ্রিম কোর্ট বাতিল করেন এবং সেই থেকে জারদারির বিরুদ্ধে মামলাটি আবার চালু করার জন্য সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার জন্য সরকারকে বলে আসছেন। কিন্তু সরকার তাতে অস্বীকৃতি জানায়। সরকারের বক্তব্য, প্রেসিডেন্টের সাংবিধানিক দায়মুক্তি আছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন সুপ্রিম কোর্ট।