গিলানির আসনে ছেলে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ইউসুফ রাজা গিলানির আসনে জয়ী হয়েছেন তাঁর ছেলে আবদুল কাদির গিলানি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংসদীয় আসনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আবুদল কাদির এ জয় পান।গত মাসে সুপ্রিম কোর্ট তত্কালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করায় এ আসনটি শূন্য হয়ে পড়ে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বেসরকারি ফলাফলে বলা হয়, আবদুল কাদির গিলানি ৬৪ হাজার ৬২৮ ভোট পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি মুলতানের আসনে তাঁর পরিবারের ঐতিহ্যের ধারা ধরে রেখেছেন। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শওকত বোসান আবদুল কাদিরের চেয়ে মাত্র চার হাজার ৯৬ ভোট কম পেয়েছেন। শওকত বোসানকে পিএমএল (নওয়াজ) এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থন দেয়।আবদুল কাদের গিলানি বলেন, ‘লোকজন আজ আমাদের রায় দিয়েছেন। যারা আমার বাবাকে সরিয়ে দিয়েছে, তাদের জন্য এটি একটি উপযুক্ত জবাব হয়েছে। গণতন্ত্রবিরোধী বাহিনীকে অবশ্যই এখন দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। কেননা পিপিপি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় দল।’আবদুল কাদের আরও বলেন, ‘লোকজন আজ পরিষ্কার করে দিয়েছে তাঁরা বিচার বিভাগের সিদ্ধান্তকে মেনে নেননি।’পিএমএল-এন এর মতো মূল ধারার কোনো রাজনৈতিক দল আবদুল কাদেরের বিপরীতে কোনো প্রার্থী না দিলেও তাঁরা এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেমন জামায়াত-ই-ইসলামি বোসানকে সমর্থন দিয়েছে। বোসান তেহরিক-ই-ইনসাফের নেতা সিকান্দার বোসানের বড় ভাই।পিএমএল-এন এর মুখপাত্র পারভেজ রশিদ বলেন, ‘আমরা বোসান ও তাঁর ভাইকে আমাদের দলে চাই এবং তাঁরা যেন আমাদের দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই আমরা বোসানকে সমর্থন দিয়েছি।’ অন্যদিকে পিপিপির জ্যেষ্ঠ নেতা হায়দার জামান কুরেশি বলেন, গিলানির ছেলেকে পরাজিত করতে পিপিপির বিরোধী সব দল এক হয়ে লড়াই করেছে।