গিলানির পদত্যাগ চায় ৬৫ শতাংশ পাকিস্তানি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পদত্যাগ চেয়েছে দেশটির ৬৫ শতাংশ নাগরিক। আদালত অবমাননার মামলায় সর্বোচ্চ আদালত সাজা দেওয়ায় গিলানির পদত্যাগ চেয়েছেন তারা। পাকিস্তানভিত্তিক টিভি চ্যানেল জিও নিউজ পরিচালিত এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা যায়। জরিপে অংশ নেওয়া গিলানির বিরুদ্ধে দেওয়া রায়কে স্বাগত জানায় ৩৬ শতাংশ, দুঃখ প্রকাশ করে ৩২ শতাংশ ও সংশয় প্রকাশ করেছে ৩১ শতাংশ। জরিপ অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ উত্তরদাতা আদালতের সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে। বিপরীতে ৩৮ শতাংশ রায়ের বিপক্ষে মত দিয়েছে।জানা যায়, গত মাসে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিপক্ষে দুর্নীতির মামলাগুলো পুনরুজ্জীবিত না করার জন্য গিলানিকে সাজা দেন আদালত। এরপর থেকেই জিও টিভির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জং গ্রুপ গিলানির পদত্যাগের দাবিতে প্রচার শুরু করে।জরিপ সম্পর্কে জিও কর্তৃপক্ষ জানায়, জাতীয়ভাবে জরিপটি গ্রহণযোগ্য। কারণ এতে অংশ নিয়েছেন দুই হাজার ৫০০ নারী ও পুরুষ। তবে জরিপ কোন সময়ে করা হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি জিও।