গিলার্ডকে সরিয়ে অস্ট্রেলিয়ার লেবার পার্টির নেতৃত্বে রাড
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে ভোটে হারিয়ে ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন কেভিন রাড। গিলার্ডের আহ্বানে দলীয় প্রধান নির্বাচনের ভোটাভুটিতে লেবার এমপি ও সিনেটরদের কাছ থেকে ৫৭ ভোট পেয়ে নেতা নির্বাচিত হন রাড। আর গিলার্ড পান ৪৫ ভোট।বিবিসির খবরে বলা হয়, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে লেবার পার্টিতে এ পরিবর্তন বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক জরিপগুলো বলছে, এ নির্বাচনে লেবারদের জয়ের সম্ভাবনা কম।ভোটারদের কাছে রাড গিলার্ডের চেয়ে বেশি জনপ্রিয়। তাই অনেকেই বিশ্বাস করেন, রাডের অধীনে লেবার পার্টি আগামী নির্বাচনে ভালো করবে।২০১০ সালে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনবার নেতৃত্ব নির্বাচনের পরীক্ষা দিতে হয়েছে গিলার্ডকে। যদিও ২০১০ সালে তিনি নেতৃত্বের পরীক্ষায় রাডকে পরাজিত করেছিলেন।অস্ট্রেলিয়ার সিডনিতে কর্তব্যরত বিবিসির প্রতিবেদক নিক ব্রায়ান্ট বলেন, তিন বছর ধরে গিলার্ডের প্রতি রাড ও তাঁর সমর্থকদের অনাস্থা তুঙ্গে ওঠায় প্রতিশোধ নিতে পেরেছেন তিনি। গিলার্ড বলেছেন, ভোটে হারলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। ভোটের কিছুক্ষণ আগে দলের অন্যতম প্রভাবশালী নেতা বিল শর্টেন রাডের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, রাডকে নিয়ে লেবাররা নির্বাচনে ভালো করবে।বিবিসির প্রতিবেদকেরা জানান, লেবারদের নেতৃত্বে রাড এলেও দল ক্ষমতায় যেতে পারবে না। তবে রাডের নেতৃত্বে লেবার পার্টি ব্যবধান কমাতে পারবে।চলতি মাসের শুরুতে প্রকাশিত একটি জরিপে বলা হয়, লেবারদের নেতৃত্বে গিলার্ড থাকলে তিনজন কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের আসন হারাবেন। তবে রাডের নেতৃত্বে সে আসনগুলো তাঁরা জিততে পারেন। এদিকে ভোটের মধ্য দিয়ে রাড লেবার পার্টির নেতৃত্বে এলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। রাডকে প্রধানমন্ত্রী হতে হলে গিলার্ডকে আনুষ্ঠানিকভাবে গভর্নর জেনারেল কুয়েনটিন ব্রাইসের কাছে চিঠি লিখে পদত্যাগের বিষয়টি জানাতে হবে। তবেই রাড প্রধানমন্ত্রী হতে পারবেন। লেবার পার্টির নেতৃত্বে এ পরিবর্তনের মধ্য দিয়ে মন্ত্রিপরিষদে পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে।