গিলার্ডের বিরুদ্ধে মামলার চিন্তা করছে অ্যাসাঞ্জ
মানহানির অভিযোগে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এ জন্য একদল আইনজীবী নিয়োগ করেছেন তিনি। আজ সোমবার এক সাক্ষাত্কারে এসব কথা বলেন অ্যাসাঞ্জ।সাড়া জাগানো ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তারবার্তা প্রকাশকে ‘অবৈধ’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছেন গিলার্ড। ২০১০ সালে তাঁর (গিলার্ড) এ মন্তব্য উইকিলিকসকে অর্থনৈতিক দৈন্যাবস্থায় ফেলে। অস্ট্রেলীয় কর্মীদের সংগঠন গেটআপকে অ্যাসাঞ্জ বলেন, আমরা অবমাননার অভিযোগ এনে মামলার কথা ভাবছি। তাই সিডনিতে কয়েকজন আইনজীবী নিয়োগ করেছি। তাঁরা ওই বক্তব্যের জন্য গিলার্ডের বিরুদ্ধে কীভাবে মামলা করা যায়, তার বিভিন্ন উপায় খতিয়ে দেখছে। উইলিকিস প্রতিষ্ঠাতা বলেন, উইকিলিকস কোন নিয়মভঙ্গের কারণে দোষী সাব্যস্ত হয়নি। তা সত্ত্বেও গিলার্ড ওয়েবসাইটটি নিয়ে রিরূপ মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, গিলার্ডের বক্তব্যের কারণেই ‘মাস্টারকার্ড অস্ট্রেলিয়া’ প্রতিষ্ঠানটির কার্ড ব্যবহারকারীদের উইকিলিকসে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই ওই বক্তব্যের রেশ এখনো রয়েছে। এটি উইকিলিকসকে সরাসরি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সুইডেনে যৌন কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। যুক্তরাজ্যের দাবি, অ্যাসাঞ্জ জামিনের শর্ত লঙ্ঘন করে দূতাবাসে থাকছেন। তাই তাকে গ্রেপ্তার করে সুইডেনে পাঠানো যুক্তরাজ্যের দায়িত্ব। তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সিনেট নির্বাচনে অংশগ্রহণেচ্ছু অ্যাসাঞ্জ যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর মতে, সুইডেনে হস্তান্তর করা হলে দেশটির সরকার তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করবে। ফলে যুক্তরাষ্ট্র সরকার তাকে মৃত্যুদণ্ড দিতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। এনডিটিভি।