গিলিকে দেখে শেখা
এই ২০ মার্চ পূর্ণ হতে যাচ্ছে ৩২। বলা যায়, ক্রিকেটার জীবনের শেষ পথ হাঁটছেন। এই বয়সেই কিনা মরনে ফন উইক বলছেন, মাত্র ১৮ মাস আগেও তাঁর টেকনিক ছিল বিশ্রী! প্রথম শ্রেণীর ক্রিকেটে গড় ৪১.০৫। সীমিত ওভারের ক্রিকেটে ফর্মটা আরও ভালো, গড় ৩৪-এর ওপরে। একজন উইকেটকিপারের জন্য ভালো অবশ্যই। কিন্তু নিজের ব্যাটিং স্টাইল নিয়ে দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার মোটেই সন্তুষ্ট ছিলেন না।এক সময় ফন উইকের আদর্শ ছিলেন বোটা ডিপেনার। মুগ্ধ হয়ে এই পূর্বসূরির ব্যাটিং দেখতেন আর নেটে গিয়ে অনুশীলন করতেন। কিন্তু তাতেও কাজ হয়নি। ‘বোটা ডিপেনারের মতো খেলোয়াড়ের খেলা দেখতে পছন্দ করতাম। তাঁর ব্যাটিং ছিল সুন্দর, সাবলীল ও অভিজাত। কিন্তু আমি যখন তাঁর মতো ব্যাটিং করার চেষ্টা করলাম, দেখলাম, সেটি বিশ্রীই থেকে গেছে!’ বলেছেন ফন উইক।না, ফন উইকের ব্যাটিং টেকনিক এখন আর খারাপ নয়। ফন উইক সাবলীল টেকনিক রপ্ত করে ফেলেছেন। এর পেছনেও আছে একটা চমৎকার গল্প। ২০০৯ সালে ঈগলসের হয়ে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ খেলতে আসেন ভারতে। এক দিন হোটেল রুমে টেলিভিশনে দেখছিলেন গিলক্রিস্টের খেলা।ব্যস, গিলক্রিস্ট ব্যাটের কোথায় ধরেন, শট খেলার জন্য শরীরটাকে কীভাবে নিয়ন্ত্রণ করেন, সবকিছু পড়ে ফেলেন চোখের নিমেষে। ‘আমাদের ম্যাচের মাঝখানে লম্বা বিরতি ছিল। কাজেই আমি হোটেল রুমেই থাকতাম এবং গিলক্রিস্টের ব্যাটিং দেখতাম, বিশেষ করে সে কীভাবে বল বাতাসে ভাসিয়ে মারে। আমি বাতাসে উড়িয়ে মারতে পারতাম না।’ বলেছেন ফন উইক। যে জিনিসটা বেশি মনোযোগ দিয়ে দেখেন, সেটা হলো, শট নেওয়ার সময় গিলক্রিস্ট ব্যাটের কোথায় ধরেন। দেখেন, গিলক্রিস্ট একেবারে হাতলের ওপরের অংশে ধরেন।ব্যস, দেশে ফিরে কোচ অ্যাড্রি সোয়ানেপোলকে খুলে বললেন এবং শুরু করে দিলেন অনুশীলন। এক সপ্তাহ ধরে অনুশীলনের পর ভাবলেন এবার মাঠে প্রয়োগ করেই দেখা যাক। লায়নসের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচে খেললেন ১২৫ বলে অপরাজিত ১৬৮ রানের ইনিংস।২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলেও দ্বিতীয় ম্যাচটি খেলেছেন চার বছর পর। ২০০৭ সালে পাঁচ ম্যাচ খেলে আবার জাতীয় দল থেকে চার বছরের নির্বাসন! বদলে ফেলা টেকনিকের জোরেই কিনা ভাগ্য খুলে যায় ভারত সিরিজে। ভাগ্য তাঁকে নিয়ে এসেছে বিশ্বকাপেও। কিন্তু ফন উইক জানতেন তাঁর মাঠে নামা হবে না। কারণ দলে আছেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত ডি ভিলিয়ার্সকে তরতাজা রাখতেই টিম ম্যানেজমেন্ট হল্যান্ডের বিপক্ষে একাদশে নেয় ফন উইককে। খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচেও। কিন্তু বড় চাপের সময় নেমে ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি। তবে ফন উইক আশাবাদী, ভালো একটা ইনিংস খেলেই আস্থার প্রতিদান দেবেন। ওয়েবসাইট।