গিলোটিনে পেতে দেওয়া যে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলুন তো, এই জীবনে ঠিক কয়টি চুইংগাম চিবিয়েছেন অ্যালেক্স ফার্গুসন? বলতে পারলেন না তো। সংখ্যাটি ৯৭ লাখ ৩ হাজার ৩৩৭টি! বিশ্বাস হচ্ছে না বুঝি। বেশ, তবে এক কাজ করুন। আকাশের মোট তারার সংখ্যাকে ফার্গুসনের ক্যারিয়ারের মোট দিন দিয়ে ভাগ করুন। তা হলেই পেয়ে যাবেন উত্তর!ঠিকই ধরেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড কোচের চুইংগামপ্রীতি নিয়ে এতক্ষণ যা হলো, স্রেফ ফাজলামো। তবে এই কথার মধ্যে কিন্তু বিন্দুমাত্র বাচালতা নেই—ভীষণ চাপের সময়টায় ফার্গুসনের সবচেয়ে কাছের বন্ধু ওই চুইংগামই।রিকার্ডো লা ভলপের সঙ্গী আবার ছিল সিগারেট। টাচ লাইনে বসে ধোঁয়ার কুণ্ডলী পাকাতেন এই আর্জেন্টাইন কোচ। মনে হতো ভিসুভিয়াস আগ্নেয়গিরির ধোঁয়াই যেন উড়ছে। ২০০৬ বিশ্বকাপে ফিফা অবশ্য কড়া করে ধমকে দেয় মেক্সিকোর কোচকে।টাচ লাইনে ব্যাপক উত্তেজনা ছড়াতেন বলে লুই ফেলিপ স্কলারির নাম হয়ে গেছে ‘বিগ ফিল’। আর তাঁর ঠিক উল্টো চরিত্রের জন্য বিখ্যাত মার্সেলো লিপ্পি। বকসাদা চুলের ইতালির এই কোচকে উত্তেজিত হতে দেখা যায় খুব কমই। ম্যাচে যা-ই ঘটুক, কখনো কোমরে, কখনো বুকের ওপর আড়াআড়ি হাত রেখে ঠায় দাঁড়িয়ে থাকেন লিপ্পি। কপালে কখনো-সখনো দুশ্চিন্তার ভাঁজ থাকে বটে। কিন্তু তাতে বোঝা যায় না, মনের ভেতর কেমন ঝড় চলছে, মগজের ভেতর কেমন ছুটছে কৌশলের ঘোড়া।একেকজনের প্রকাশভঙ্গি একেক রকম। একেকজন একেকভাবে সয়ে নেন চাপ। তবে কোচদের চাপ পরিমাপের কোনো নির্ণয়যন্ত্র যদি আবিষ্কৃত হতো, ১৪০/১০০ বিপি রিডিং দিতেন সবাই। এটাই যেন তাঁদের নিয়তি। যে নিয়তি সম্পর্কে কৌতুক করেই বলা হয়, কোচ দুই প্রকার—এই মাত্র চাকরি হারালেন এবং কিছুক্ষণের মধ্যেই চাকরি হারাতে চলেছেন।কৌতুক করে বলা হয় ঠিকই, কিন্তু বিশ্ব ফুটবলে এটাই যেন রূঢ় বাস্তবতা। গত পাঁচ বছরে ভারপ্রাপ্ত কোচসহ ছয়জনের অধীনে খেলেছে চেলসি। বায়ার্ন মিউনিখের ভার এই পাঁচ বছরে সামলেছেন সাতজন। গত তিন বছরে ইন্টার মিলানে এসেছেন চারজন কোচ। গত সাত বছরে ১০ কোচের অধীনে খেলে ‘রেকর্ড’ গড়েছে রিয়াল মাদ্রিদ!কোচের চাকরিটা এতটাই মানসিক যন্ত্রণা আর চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কঠিন এই বাস্তবতার দিকে যেন আঙুল তুলে সবার দৃষ্টি আকর্ষণ করল অ্যাস্টনভিলার কোচ জেরার্ড হুলিয়ারের শারীরিক অবনতি। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আট দিন কাটিয়ে আসেন হুলিয়ার। হূৎপিণ্ডের এই অবস্থা নিয়ে ৬৩ বছর বয়সী ফরাসি কোচের পক্ষে ক্লাবের দায়িত্ব পালন করা সম্ভব নয় দেখে অব্যাহতি দেওয়া হয়েছে।ব্রিটিশ ফুটবলে কোচদের হূৎপিণ্ডের সমস্যা অবশ্য নতুন কিছু নয়। ১৯৮৫ সালে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর স্কটল্যান্ডের কোচ জক স্টেইন হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। আরেক স্কটিশ কোচ গ্রায়েম সাউনেসের মাত্র ৩৮ বছর বয়সে খুবই গুরুতর ‘ট্রিপল হার্ট বাইপাস’ অস্ত্রোপচার করাতে হয়। ঘটনাটি ১৯৯২ সালের, লিভারপুলের কোচ থাকার সময়।প্রায় সিকি শতাব্দী ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন। কিন্তু তার পরও অ্যালেক্স ফার্গুসন যে এই অন্তহীন চাপের মুখে পড়েন না, তা কিন্তু নয়। ২০০৪ সালে তাঁর হূৎপিণ্ডে পেসমেকার বসাতে হয়। আরও দুই ইংলিশ কোচ জো কিনিয়ার আর ব্যারি ফ্রাইও হার্ট অ্যাটাকের শিকার হন। ২০০৭ সালে জাপানের তখনকার কোচ আইভিচা ওসিম শিকার হন স্ট্রোকের।ওয়েলনেস ইন্টারন্যাশনাল নামের ইংলিশ ফুটবল কোচদের স্বাস্থ্যের দেখভাল করে এমন একটি সংস্থার প্রধান ট্রিসিয়া ক্যালু। তিনি বলছেন, কোচদের ওপর যে পরিমাণ মানসিক চাপ থাকে, সেটার সঙ্গে তুলনা করা যায় বড় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীদের। ‘শুধু মাঠে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মানসিক চাপ শুরু হয়ে গেল—ব্যাপারটা এত সরল নয়। ফুটবল কোচদের চাপ শুরু হয়ে যেতে পারে একটা ম্যাচের কয়েক দিন আগে থেকে নেওয়া প্রস্তুতির সময়েই’—বলেছেন ক্যালু। শুধু ম্যাচ নয়, এর বাইরেও তাঁদের হাজারটা চাপ সামলাতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি।শুধু কাজের ধরন নয়, কাজের সময়টাও চাপের অন্যতম কারণ বলে জানিয়েছেন ক্যালু। ইংলিশ মৌসুমে কোনো কোনো কোচকে সপ্তাহে ৮০ ঘণ্টারও বেশি কাজ করতে হয়। প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা। সঙ্গে থাকে ভ্রমণ-ক্লান্তিও। বিশ্রামের সময় মেলে সামান্যই।এত চাপ সামলেও কোচরা কীভাবে কাজ করেন, তারও একটা ব্যাখ্যা দিয়েছেন ক্যালু। কাছে থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বলছেন, কাজটার প্রতি কোচদের নিখাদ ভালোবাসাই তাঁদের এগিয়ে যাওয়ার রসদ জোগায়।কিন্তু তার তো একটা সীমা আছে। ফার্গুসনই ভালো বলতে পারবেন, বছরে কতটা চুইংগাম তাঁর লাগে। আর তাঁর পেসমেকার ভালো বলতে পারে, প্রতিদিন কী পরিমাণ চাপ আর ধকল যায় ওটার ওপর দিয়ে!