গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর প্রিয়ভাজন হয়ে উঠতে পারেন
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার কথা বলায় আওয়ামী লীগের সাংসদ গিয়াস উদ্দিন প্রধানমন্ত্রীর কাছে আরও প্রিয়ভাজন হয়ে উঠতে পারেন বলে উল্লেখ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, প্রকাশ্যে সরকারদলীয় একজন সাংসদ স্বীকার করেছেন, তিনি জিয়াউর রহমানের হত্যাকারী। তার পরও এ নির্লজ্জ সরকারের টনক নড়ছে না। দেখা যাবে, এ কথা বলার কারণে তাঁর আরও প্রমোশন হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে আরও প্রিয়ভাজন হয়ে উঠবেন।’এর আগে আজ শুক্রবার জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মস্বীকৃত খুনি সরকারদলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিনের বিচার চায় জাতি। বর্তমান সরকার যদি জিয়ার হত্যাকারী সাংসদ গিয়াসউদ্দিনের বিচার না করে, তবে জনতার আদালতে তাঁর বিচার হবে।’বিএনপির নেতা রুহুল কবির রিজভী সংবাদ ব্রিফিংয়ে আরও অভিযোগ করেন, ১৭ জানুয়ারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে ‘সন্ত্রাসী’ হামলা করেছে। ১৫ জানুয়ারি পাবনা সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. ইব্রাহিম মৃধাকে সাদা পোশাকে একদল ব্যক্তি অপহরণের চেষ্টা করে ও ১৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামে বিএনপির সমর্থকদের ৫০ বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব অভিযোগের উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগের হিংস্রতা ও বর্বর দুঃশাসনে পুরো দেশ এখন বিপর্যস্ত। সরকারের প্রতিহিংসা ও ভয়াবহ নিপীড়নের মুখে দেশের মানুষের প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে বলে তিনি মন্তব্য করেন।বিএনপির নেতা রিজভী আরও অভিযোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ৩০ জন নেতা-কর্মীকে আহত ও একজনের চোখ তুলে নেওয়া হয়। অথচ পুলিশ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুকসহ ১০ জনকে গ্রেপ্তার করে। তাঁর আরও অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের গাইনপাড়া, মোড়পাড়া, ঝাপড়াপাড়া, সন্দুরপুর ও বিরামপুর গ্রামে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপির ২০/২৫ জন নেতা-কর্মী আহত হন। এ সময় নিজের বোমায় ‘সন্ত্রাসী নাইরুল’ মারা যায়। ঘটনার পর হামলার শিকার ব্যক্তিদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।সংবাদ ব্রিফিংয়ে রিজভী আরও দাবি করেন, পাবনা সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম মৃধাকে কয়েক দফা অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ১৫ জানুয়ারি সাদা পোশাকে একটি বাহিনী তাঁর বাড়িতে হানা দেয়। খবর পেয়ে জনতার প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। তিনি এসব ঘটনার নিন্দা জানান।