রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে সংগীত সংগঠন ‘রবিরাগ’ গতকাল বৃহস্পতিবার বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করে।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এই আয়োজনের শুরুতেই ছিল সমবেত সংগীত। শিল্পীরা গাইলেন ‘জানি জানি কোন্ আদিকাল হতে ভাসালে আমারে’। পরের গানটিও সমবেত কণ্ঠে ‘কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে’। এরপর একক কণ্ঠের পরিবেশনা। এনাক্ষী সাহা রায় ও আয়োজক সংগঠনের সভাপতি আমিনা আহমেদ গাইলেন ‘আমারে তুমি অশেষ’, ‘আমার মাথা নত’ ও ‘কত অজানারে’। পর্যায়ক্রমে একক ও দলীয় গানের পরিবেশনা। একক সংগীতে ছিলেন সুশান্ত সরকার, ইকো পারভীন, মাখনচন্দ্র হালদার, আশিক, শামা ফারুকী, ইন্দ্রানী সরকার, স্বপন দত্ত, নন্দিতা মিথুন ও সংগঠনের সাধারণ সম্পাদক সাদি মহম্মদ। অনুষ্ঠানে সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় ‘এসো হে এসো’, ‘তুমি কেমন করে গান করো হে গুণী’, ‘বিপদে মোরে’ ও ‘আলো আমার আলো’। মাঝে একক কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন ‘জগতের এই আনন্দযজ্ঞে’, ‘আমার নয়ন-ভুলানো’, ‘আমার পথ চাওয়াতেই’, ‘তাই তোমার আনন্দ’, ‘আরো আঘাত’, ‘আমার মিলন লাগি’, ‘জীবন যখন শুকায়ে’, ‘যা হারিয়ে যায়’ ও ‘জানি না’।