রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে আজ তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে নৃত্যাঞ্চল। কবিগুরুর ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ থেকে অনুপ্রাণিত হয়ে শেখ হাফিজুর রহমান লিখেছেন গীতিনাট্য রাই-কৃষ্ণ পদাবলী। আজ সন্ধ্যায় এই গীতিনাট্যের প্রথম প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। এখানে রাধার চরিত্রে অভিনয় করেছেন শামীম আরা নীপা। কথা হলো তাঁর সঙ্গে।‘রাই-কৃষ্ণ পদাবলী’ নিয়ে কিছু বলুন।রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম জীবনে ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’তে রাধা-কৃষ্ণকে চমৎকারভাবে তুলে ধরেছেন। পুরোটাই তিনি লিখেছেন ব্রজবুলি ভাষায়। শেখ হাফিজুর রহমান তা থেকে কিছুটা অংশ ভাষান্তর করেছেন এবং এ সময়ের উপযোগী করে নতুন কিছু তৈরি করেছেন। এই পুরো ব্যাপারটি নৃত্যে তুলে ধরা খুবই কঠিন কাজ, তবে আমরা চেষ্টা করেছি। কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। এখানে ব্রজবুলি ভাষার কিছু গান ব্যবহার করা হয়েছে। রাসলীলার অংশটি নাচের পাশাপাশি মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে।রাধা-কৃষ্ণের গল্প তো অনেক বড়। এই গীতিনাট্যে কোন অংশটি তুলে ধরা হয়েছে?কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, রাজকার্যের জন্য—সেই অংশটি। এরপর বৃন্দাবনে রাধা একা হয়ে যায়। এখানে রাধার বিরহকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাস্তবে রাধা-কৃষ্ণের মিলন হয়নি। কিন্তু এই গীতিনাট্যে তাদের আত্মিক মিলনকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।এই গীতিনাট্যে কতজন অংশ নিয়েছেন?গীতিনাট্যে আমিই রাধা। কৃষ্ণ চরিত্রটি করছেন শিবলী মহম্মদ। আর অন্যান্য চরিত্রে অংশ নিচ্ছেন নৃত্যাঞ্চলের ৮০ জন শিল্পী। সংগীত পরিচালনা করেছেন রত্না চৌধুরী। এখানে গান গেয়েছেন হৈমন্তী শুক্লা, রেজওয়ানা চৌধুরী বন্যা, অনন্ত চৌধুরী, জয়তী চক্রবর্তী, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ধারা বর্ণনা করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রদীপ ঘোষ, ব্রততী বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ বসু ও অমিত রায়।রাধা-কৃষ্ণকে নিয়ে তো অনেক কাজ হয়েছে।...হ্যাঁ। সনাতন এই গল্পটি আমরা রাই-কৃষ্ণ পদাবলীতে নতুনভাবে উপস্থাপন করেছি। আর ভাবনাটা একেবারেই সমসাময়িক। পোশাক, আলোসহ আনুষঙ্গিক সবকিছুতেই রয়েছে নতুনত্ব।