গীতিসত্রের ‘গম্ভীরতর তান’
‘আজি মম মন চাহে জীবন বন্ধুরে/ সেই জনমে মরণে নিত্যসঙ্গী নিশি দিন সুখে শোকে’। শুরুর বাদন পরিবেশনের পর ছিল রবীন্দ্রনাথের এই গান। ‘গম্ভীরতর তান’ নাম যে অনুষ্ঠানের, তার জন্য উপযুক্ত গানই বটে! কবিগুরুর ধ্রুপদ ধামার টপ্পা ও খেয়াল অঙ্গের গান নিয়ে সাংস্কৃতিক সংগঠন গীতিসত্রের উপস্থাপনা ছিল এটি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। দর্শকেরা তাঁদের মুগ্ধতা জানালেন একের পর এক গান শেষে অকৃপণ করতালিতে। এটি ছিল গীতিসত্রের ষষ্ঠ সংগীত আয়োজন।শুরুতেই ধ্রুপদের আলাপ-জোড় ও খেয়ালে মিলনায়তন সুরের মূর্ছনায় মাতিয়ে তোলেন শিল্পী সুমন চীেধুরী ও অসিত দে।‘বিশ্ব যখন নিদ্রা মগন’ গাইলেন পার্থ তানভীর নভেদ্।মিতা হক শোনান ‘সুখ হীন নিশি দিন পরাধীন হয়ে, ভ্রমিছো দিন প্রাণ’।লাইসা আহমদ ও শওকত হোসেনও গেয়েছেন গতকালের এই ব্যতিক্রমী আয়োজনে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে গীতিসত্রের সভাপতি ভূঁইয়া সফিকুল ইসলাম রবীন্দ্রসংগীতের শুদ্ধ চর্চার তাগিদ দেন। এই সংগীতসন্ধ্যার আয়োজন মূলত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের পঞ্চম মৃত্যবার্ষিকী উপলক্ষে। সমাজ ও সংস্কৃতিবিষয়ক সচেতনতা সৃষ্টির কাজে গীতিসত্রের পথচলা শুরু হয়েছিল ওয়াহিদুল হকের হাত ধরেই।অতিথি শিল্পীদের সংগীতের ফাঁকে ফাঁকে ছিল গীতিসত্রের শিল্পীদের সমবেত পরিবেশনাও।