গু কাইলাইকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ
ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার দায়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক প্রভাবশালী নেতা বো শিলাইয়ের স্ত্রী গু কাইলাইকে স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিচার চলাকালে কাইলাইয়ের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সম্পর্কে তিনি কোনো বিরোধিতা করেননি। নেইল হেইউডকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য কাইলাইয়ের সহযোগী ঝাং সিয়াজুনকেও নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ৯ আগস্ট হেফেই নগরের একটি আদালতে ওই ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার শুরু হয়।গু কাইলাই ওই সময় নেইলের মৃত্যুকে ‘ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করেন। তবে এই হত্যাকাণ্ডের জন্য তিনি তাঁর ‘মানসিক বিপর্যয়কে’ দায়ী করেন।রায় ঘোষণার পর আদালতের মুখপাত্র তেং ইগান বলেন, আদালত বিশ্বাস করেন, গু কাইলাইয়ের ছেলেকে নেইল হেইউড হুমকি দিয়েছিলেন সত্যি, তবে সে ধরনের কোনো ক্ষতি করেনি। একই সঙ্গে কাইলাই এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।চীনে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাস এক বিবৃতিতে জানায়, নেইল হেইউডের হত্যার বিষয়টি তদন্ত করায় চীন কর্তৃপক্ষকে ধন্যবাদ।নেইল হেইউড পরিবারের পক্ষ থেকে নিয়োজিত একজন আইনজীবী জানান, আদালতের রায়ের প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে।চীনের আইন বিশেষজ্ঞ ডোনাল্ড ক্লার্ক ব্লগে লিখেছেন, কারাগারে থাকাকালে গু কাইলাই দুই বছরে কোনো অপরাধ না করলে তাঁর এই মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হবে। এর মধ্যে তিনি আরও ভালো আচরণ করলে সাজা কমানো হবে।