রাজধানীর বাজারে চারটি ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম বেড়েছে। বাজারভেদে খুচরা দোকানে ডানো, ডিপ্লোমা, ফ্রেশ ও মার্কস ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত।গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে গুঁড়া দুধের দাম বাড়ার বিষয়টি জানা যায়। দোকানিরা জানান, মূলত গত বুধবার থেকে গুঁড়া দুধের দাম বেড়েছে।দুটি গুঁড়া দুধ কোম্পানির বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, কিছুদিন আগে আন্তর্জাতিক বাজারে গুঁড়া দুধের দাম কিছুটা বেড়েছিল। এরই প্রভাব পড়েছে বর্তমানে।গুঁড়া দুধের দাম বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লার মুরগি, খোলা আটা ও ময়দা, অ্যাংকর ডাল ও মুগ ডালের দাম। অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল পর্যায়েই রয়েছে।গতকাল কারওয়ান বাজার, সেগুনবাগিচা কাঁচাবাজার ও কয়েকটি খুচরা দোকান ঘুরে দেখা গেছে, বাজার ও দোকানভেদে এক কেজি ডানো দুধের দাম ৬০০ থেকে ৬১৫ টাকা, আগের সপ্তাহে ছিল ৫৯৫ থেকে ৬০০ টাকা। ফ্রেশ ও মার্কসের এক কেজি দুধ বিক্রি হচ্ছে ৪৯৫ থেকে ৫০০ টাকা। এগুলোর দর আগের সপ্তাহে ছিল কেজিতে পাঁচ টাকা কম। ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম বেড়ে হয়েছে ৬১০ থেকে ৬১৫ টাকা, আগের সপ্তাহে ছিল ৬০০ থেকে ৬১০ টাকা।খুচরা বাজারে আগের সপ্তাহের মতো গতকালও পেঁয়াজ মানভেদে প্রতি কেজি ২৮ থেকে ৩৫ টাকা, শুকনা মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা, আদা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়। তবে রসুনের দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।খোলা আটা আগের সপ্তাহে ৩২ থেকে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল ছিল ২৮ থেকে ৩২ টাকা। খোলা ময়দার দামও কমে হয়েছে ৩৮ থেকে ৪০ টাকা। আগের সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৪ টাকা।ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহে ১৪০ থেকে ১৪৫ টাকা থাকলেও গতকাল বিক্রি হয়েছে ১৩৫ থেকে ১৪৫ টাকা।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মসুর ডাল, ভোজ্যতেল, চিনি, লবণ ও সব ধরনের চালের দাম এক মাস ধরেই স্থিতিশীল পর্যায়ে রয়েছে।সেগুনবাগিচা কাঁচাবাজারে গতকাল সকালে বাজার করতে আসা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রফিকউজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘নিত্যপণ্যের উচ্চমূল্য এখন চাপা পড়ে গেছে রাজনৈতিক ডামাডোলের নিচে। দুঃখজনক যে, এ বিষয়ে কেউ আর কোনো কথা বলছে না।’