গুঁড়া দুধের চড়া দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চড়া দামে বিক্রি হচ্ছে গুঁড়া দুধ। কয়েক মাস ধরে কয়েক দফা বৃদ্ধির পর এখন যে দামে গুঁড়া দুধ স্থির হয়েছে, তা সীমিত আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার প্রায় বাইরে। কিছুদিন আগে গুঁড়া দুধের দাম হঠাৎ করেই কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা বাড়িয়ে দেয় বিভিন্ন কোম্পানি। এর জন্য গুঁড়া দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াকে দায়ী করেছে। এই কারণ দেখিয়ে অবশ্য তারা গত কয়েক মাসে কয়েক দফা গুঁড়া দুধের দাম বাড়িয়েছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম বেড়েছে ১৩ থেকে সাড়ে ১৭ শতাংশ পর্যন্ত। গত বছরের মার্চে এক কেজি গুঁড়া দুধের সর্বোচ্চ দাম ছিল ৪৯০ থেকে ৫০০। টিসিবির হিসাবে, এখন সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ডানো, ৫৮৫ টাকায়। আর বাজারে এ দুধ বিক্রি হচ্ছে ৫৯৬ টাকায়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রথম আলোকে বলেন, ‘গুঁড়া দুধের মূল্যবৃদ্ধি নিয়ে দু-একটি কোম্পানির সঙ্গে আলাপ করলে তারা ডলারের দাম বৃদ্ধির অজুহাত দেখায়। গুঁড়া দুধের দাম বৃদ্ধির আর কোনো কারণ আছে কি না, সেটা আর পর্যবেক্ষণ করে দেখা হয়নি।’রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ডিপ্লোমা গুঁড়া দুধ ৫৩০ থেকে বেড়ে ৫৭৫ টাকা, ৫০০ গ্রামের দুধের দাম ২৭০ টাকা থেকে বেড়ে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ডানো দুধেরও। ৫০০ গ্রামের ডানোর দাম ২৮৫ থেকে বেড়ে ২৯৮ এবং ৪০০ গ্রামের দাম ২৩৫ থেকে বেড়ে ২৪৮ টাকা হয়েছে। আর এক কেজি ডানো বিক্রি হচ্ছে ৫৯৬ টাকায়। ফ্রেশ ব্র্যান্ডের দুধ কেজিতে ২০ টাকা বেড়ে ৪৯০, ৪০০ গ্রামে ১০ টাকা বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। মার্কস ব্র্যান্ডের দুধের কেজি ৪৭০ থেকে বৃদ্ধি পেয়ে ৪৯০ টাকা হয়েছে।শুধু গুঁড়া দুধই নয়, শিশুখাদ্যের দামও বেড়েছে। ৪০০ গ্রাম ওজনের ল্যাকটোজেন-১-এর দাম ৩৭০ থেকে বেড়ে ৪১০ টাকা হয়েছে। আর একই পরিমাণ ল্যাকটোজেন-২ ও ৩-এর দাম ৩৬৫ থেকে বেড়ে ৪০০ টাকা হয়েছে।নেসেল বাংলাদেশ লিমিটেডের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) নকিব খান প্রথম আলোকে বলেন, প্রথমত, আন্তর্জাতিক বাজারে গুঁড়া দুধের মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়া—এ দুটি কারণে গুঁড়ো দুধের দাম বাড়াতে হয়েছে। এসব কারণে গুঁড়ো দুধের আমদানি ব্যয় বেড়েছে ২৪ থেকে ২৫ শতাংশ। কিন্তু নেসেল বাড়িয়েছে মাত্র ১২ শতাংশ।গুঁড়ো দুধের এখনকার দাম বেশি মনে করেন কি না, জানতে চাইলে নকিব খান বলেন, ‘দামটা একটু বেশি। আমরাও ভোক্তা। কিন্তু আমদানি ব্যয়ের সঙ্গে মেলাতে হলে দাম একটু বাড়ানো ছাড়া কিছু করার নেই।’ক্যাবের সভাপতি কাজী ফারুক জানান, গুঁড়ো দুধের মূল্যবৃদ্ধির বিষয়ে শিগগিরই ক্যাবের পক্ষ থেকে বাজার তদারক ও পর্যবেক্ষণ করা হবে।