গুঁড়িয়ে দেওয়া হলো লাদেনের সেই বাড়ি(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের সেই বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সুরক্ষিত নগর অ্যাবোটাবাদে অবস্থিত বাড়িটি ভাঙার কাজ গতকাল শনিবার রাতে শুরু হয়ে আজ সকালে শেষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের। দীর্ঘ পাঁচ বছর সপরিবারে অবস্থানের পর গত বছরের মে মাসে মার্কিন সৈন্যদের অভিযানে এই বাড়িতেই নিহত হন তালেবান জঙ্গিদের এই শীর্ষ নেতা। শহরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা করিম খানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে লাদেনের বাড়ি ধ্বংসের কার্যক্রম চালায়।

বাড়ি ভাঙার কাজ শেষ করতে কমপক্ষে পাঁচটি ক্রেন ও কয়েকটি বুলডোজার আনা হয়। বাড়িটির আশপাশে বিপুলসংখ্যক সৈন্য মোতায়েন করা হয়। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, আজ সকালে বাড়িটি ভাঙার কাজ শেষ হয়েছে। বিবিসির ইসলামাবাদের প্রতিনিধি ইলিয়াস খান জানান, ওই এলাকায় কারফিউ জারি করে এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদের ওই বাড়িতে মার্কিন সেনাবাহিনী অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। এর পরপরই বাড়িটি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন বাহিনীর ওই অভিযান তদন্ত করতে পাকিস্তান সরকার বিচার বিভাগীয় কমিশন গঠন করার পর এই সিদ্ধান্ত স্থগিত করা হয়।