গুগল, ইয়াহুসহ ৭টি সাইটের ওপর নজরদারি চালাবে পাকিস্তান
মুসলমানদের কাছে আপত্তিকর কোনো উপাদান থাকে কি না তা চিহ্নিত করতে গুগল ও ইয়াহুসহ সাতটি জনপ্রিয় ওয়েবসাইটের ওপর নজরদারি শুরু করবে পাকিস্তান। ইউটিউব, আমাজন, এমএসএন, হটমেইল ও বিংও—এই নজরদারির আওতায় আসবে। সেই সঙ্গে অপেক্ষাকৃত কম পরিচিত ১৭টি সাইট বন্ধ করে দেওয়া হবে। কর্মকর্তারা সাইটগুলোর ওপর নজর রাখবেন এবং তার মধ্যে যেগুলোকে যথাযথ মনে না হবে সেগুলোর লিংক বন্ধ করে দেবেন।গত মে মাসে মহানবী হজরত মুহাম্মদের (সা.) চিত্র আঁকার এক প্রতিযোগিতা আয়োজন করায় পাকিস্তান সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করে। এ উদ্যোগের আওতায় পাকিস্তানি কর্তৃপক্ষ ওই সাতটি ওয়েবসাইটে প্রকাশিত সব উপাদান যাচাই করে দেখবে এবং এগুলোর কোনো পাতার কোনো উপাদান আপত্তিজনক মনে হলে ওই নির্দিষ্ট পাতাটি বন্ধ করে দেবে। টেলিকমস কর্মকর্তা খুররাম মেহরান বলেন, এ ক্ষেত্রে মূল ওয়েবসাইটটিতে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে জন্য শুধু নির্দিষ্ট লিংকটি বন্ধ করে দেওয়া হবে।এর আগে ফেসবুক নিষিদ্ধ করার দুই সপ্তাহ পর ফেসবুক যখন ‘প্রত্যেকে মুহাম্মদের (সা.) ছবি আঁকুন’ নামের পাতাটির লিংক বন্ধ করে দেয়, তখন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।এদিকে নতুন এই নজরদারির আওতায় ফেসবুক না থাকলেও ইউটিউবের বেশ কয়েকটি লিংক বন্ধ করে দেওয়া হবে। মুসলমানরা হজরত মুহাম্মদের (সা.) ছবি আঁকা ধর্মবিরোধী কাজ বলে মনে করেন।এর আগে ২০০৭ সালে পারভেজ মোশাররফের সরকারের বিরুদ্ধে তথাকথিত আপত্তিকর তথ্য পরিবেশন করার অভিযোগে পাকিস্তান ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করে। তবে কয়েক ঘণ্টা পরই ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।- বিবিসি অনলাইন