গুগল বিজ্ঞান মেলাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর পলাশির মোড়ে মুহম্মদ শামসুল হক ভবন মিলনায়তনে গুগল বিজ্ঞান মেলাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিজ্ঞান মেলার উদ্দেশ্য, অংশগ্রহণের নিয়মকানুন, প্রকল্পের ধারণা, উপস্থাপনা ও বাস্তবায়ন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অনুসন্ধিৎসু চক্রের সহসভাপতি বিজ্ঞানী আজহারুল হক সেলিম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কো-অর্ডিনেটর সুব্রত দেব নাথ। কর্মশালার শুরুতে মুনির হাসান গুগল বিজ্ঞান মেলাবিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি কারা কারা অংশ নিতে পারবে, প্রকল্পের বিষয়, নিয়মকানুন, প্রকল্পের তৈরি, প্রকল্প লেখা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের একবারে নতুন কিছু তৈরি করার বদলে আশপাশে যা কিছু আছে, সেগুলো নিয়ে মানুষের ব্যবহারের উপযোগী প্রকল্প তৈরিতে উৎসাহ দেন। এ প্রসঙ্গে তিনি গতবারের একটি প্রকল্পের উদাহরণ টেনে বলেন, গত বারের সেরা ১৫ প্রকল্পের একটি ছিল ভোল্টেজ স্ট্যাবিলাইজার। বাজারে এটি নতুন কিছু না হলেও ভারতের মেয়োট পুরস্কার পেয়েছিল। কারণ, এটি ছিল স্থানীয় কাঁচামাল দিয়ে স্থানীয় প্রযুক্তিতে তৈরি। এ ছাড়া মুনির হাসান বিদ্যুৎ প্রকল্পগুলোর ক্ষেত্রে সবাইকে সাবধান হতে বলেন, যেন উদ্ভট আইডিয়া দিয়ে প্রকল্প তৈরি না হয়। এ প্রসঙ্গে সুব্রত দেব নাথ বলেন, বিজ্ঞানের সবচেয়ে শক্ত একটি ভিত হলো শক্তির নিত্যতা সূত্র। এমন কোনো বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিকল্পনা করা যাবে না, যেখানে শক্তির নিত্যতা সূত্র ব্যাহত হয়। তিনি ওয়াটার মিটার, গ্যাস মিটার, রেলস্টেশনে এলইডি ডিসপ্লে, দক্ষ রান্নার পাত্র ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। বিজ্ঞানী সেলিম শিক্ষার্থীদের সঙ্গে প্রকল্প বিষয়ে বাস্তবিক আলোচনা করেন। তিনি বলেন, লেবুর মাংস মেরিনেট করার ক্ষমতা অন্যান্য জিনিসের চেয়ে বেশি বা আপেলে শসা বা মটরশুঁটির চেয়ে ভালো অভিস্রবণ হয়—এগুলো তথ্য-উপাত্তসহকারে পর্যবেক্ষণ করাটাও এক ধরনের বিজ্ঞান প্রকল্প। আবার আমাদের দেশে ফরমালিন শনাক্ত করা বা ধোয়া ছাড়া মশা তাড়ানোর যন্ত্র বানানোটা কম কৃতিত্বের নয়। কারণ, এগুলো আমাদের দেশের মানুষের জন্য খুবই জরুরি। শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন প্রকল্পের আইডিয়া উপস্থাপন করেন এবং আলোচকেরা সেগুলোর মূল্যায়ন করেন। কোনো গাণিতিক সূত্র বা গণজরিপ প্রকল্প হিসেবে বিবেচিত হতে পারে কি না সে বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা মার্চের দ্বিতীয় সপ্তাহে আরও একটি কর্মশালা আয়োজন করার কথা জানান। শিগগিরই দেশব্যাপী অনলাইন বিজ্ঞান মেলা আয়োজন করার আগ্রহও প্রকাশ করেন কর্মশালার উদ্যোক্তারা। উল্লেখ্য, অনুসন্ধিৎসু চক্র এবং বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি যৌতভাবে এ কর্মশালার আয়োজন করে।  বায়েজিদ ভূঁইয়া