গুগলে যোগ দিলেন কাজী মনিরুল কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি ব্যবসায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুগল ইনকরপোরেটেডে যোগ দিলেন গ্রামীণফোনের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির। ৫ নভেম্বর তিনি কান্ট্রি কনসালট্যান্ট (বাংলাদেশ) হিসেবে গুগলে যোগ দিয়েছেন। নতুন চাকরিতে যোগদানের পর গতকাল মঙ্গলবার প্রথম আলোকে তিনি বলেন, ‘গুগলের মতো সৃজনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত।’পরামর্শক নিয়োগের মাধ্যমে বাংলাদেশে গুগলের ব্যবসায়িক কার্যক্রম শুরুর একটা সম্ভাবনা দেখা দিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। এই পরামর্শক কাজ করবেন গুগলের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধীনে।সাধারণত গুগল কোনো দেশে ব্যবসায়িক কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে কান্ট্রি কনসালট্যান্ট নিয়োগ করে। পরে সে দেশে গুগলের অফিস চালু করা হয়ে থাকে। পাশের দেশ ভারতে গুগলের চারটি অফিস রয়েছে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য রয়েছে পরামর্শক। এখন বাংলাদেশেও গুগল পরামর্শক নিয়োগ করল।বাংলাদেশে গুগলের কার্যক্রম শুরুর যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের জন্য যেমন প্রভাব ফেলবে, তেমনি দেশের তরুণ প্রোগ্রামার ও প্রযুক্তি পেশাজীবীদের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।তথ্য খোঁজার ওয়েব পোর্টাল অর্থাৎ সার্চ ইঞ্জিন সেবার পাশাপাশি গুগলের আছে ইন্টারনেটভিত্তিক নানারকম প্রযুক্তি পণ্য ও সেবা। এর মধ্যে জিমেইল, গুগল প্লাস, গুগল ম্যাপস, গুগল আর্থ, গুগল ক্রোম জনপ্রিয়। স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য আছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গুগলের মালিকানায় এখন ইউটিউব ও পিকাসাও রয়েছে।গুগলের সদ্য নিয়োগপ্রাপ্ত কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, নেতৃত্ব, সৃজনশীল যোগাযোগ ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি বিআই নরওয়েজিয়ান বিজনেস স্কুল থেকে ব্যবস্থাপনায় (এক্সিলারেট লিডারশিপ প্রোগ্রাম) ও লন্ডন বিজনেস স্কুল থেকে কৌশলগত বিপণন প্রোগ্রামে পড়াশোনা করেন। এখন বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপে এমবিএ করছেন তিনি।কাজী মনিরুল কবির গ্রামীণফোন ছাড়াও দেশের শীর্ষস্থানীয় একাধিক প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।