গুগলের বিজ্ঞান মেলা
প্রত্যেকেরই একটি প্রশ্ন থাকে, তোমার প্রশ্নটি কী? এ মূলমন্ত্র সামনে রেখে গুগল শুরু করেছে বিশ্বের বৃহত্তম অনলাইন বিজ্ঞান প্রতিযোগিতা ‘গুগল সায়েন্স ফেয়ার’। সহযোগী হিসেবে রয়েছে সার্ন, লেগো গ্রুপ, ন্যাশনাল জিওগ্রাফিক এবং সায়েন্টিফিক আমেরিকান। ১৩-১৮ বছর বয়সী যে কেউ এতে অংশগ্রহণ করতে পারে। প্রয়োজন শুধু একটি প্রজেক্ট আইডিয়া এবং সেটার বৈজ্ঞানিক ভিত্তি। আগ্রহী সবাই এককভাবে অথবা দু-তিনজনের দলে অংশগ্রহণ করতে পারে। প্রজেক্ট জমা দেওয়া যাবে দুভাবে। প্রজেক্টের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে ২০টি স্লাইডে গুগল প্রেজেন্টেশন অথবা দুই মিনিটের ইউটিউব ভিডিওর মাধ্যমে। লক্ষণীয় বিষয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অভিভাবকদের অনুমতি বাধ্যতামূলক। প্রাথমিক পর্যায়ে বিচারকেরা পাঁচটি বিষয়ের ওপর নম্বর দেবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। গুগলের পক্ষ থেকে ৫০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি, গ্যালাপাগোস দ্বীপে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরারদের সঙ্গে ১০ দিনের ভ্রমণ এমনকি গুগলে ইন্টার্নশিপ পর্যন্ত। বিজয়ী প্রকল্পটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ৫০ হাজার ডলারের অর্থসহায়তা দেওয়া হবে। প্রতিযোগিতায় প্রকল্প জমাদানের শেষ সময় ১ এপ্রিল। তো আর দেরি কেন, আগামী দিনের বিজ্ঞানীরা রেজিস্ট্রেশন করে ফেলো এই ঠিকানায়: www.google.com/events/sciencefair/শাহ মো. ইমরান