গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করা যায়নি ১০ বছরেও
হবিগঞ্জের গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়নি গত ১০ বছরেও। পানি সম্পদ মন্ত্রণালয় এক কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দিলেও তাদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। মন্ত্রণালয় প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের এ কাজ ২০০৯ সালের জুন থেকে শুরু করে তা ২০১০ সালের মার্চ মাসের মধ্যে সমীক্ষা শেষ করার নির্দেশ দেয়। অথচ পাউবোর রহস্যজনক ভূমিকার কারণে কৃষিভিত্তিক এই প্রকল্পটি আলোর মুখ দেখছে না। পাশাপাশি গুঙ্গিয়াজুরী হাওরের অন্তর্ভুক্ত নবীগঞ্জ উপজেলার বীজনা নদীর ডান তীর (উত্তর দিক) বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে এ প্রকল্পের কাজ শুরু করার চেষ্টা করছে পাউবো এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। জেলা পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার হবিগঞ্জ সদর, বানিয়াচং, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। বীজনা নদীর বাঁ ও করাঙ্গী নদীর ডান তীরবেষ্টিত প্রায় ২৫ হাজার একর এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদন হতো। বছরে ফলন হতো প্রায় এক লাখ ৩৫ হাজার টন ধান। সরকারি সংগ্রহ মূল্য অনুসারে এই ধানের দাম ২২৯ কোটি টাকা। পাশাপাশি নবীগঞ্জের বীজনা নদীর ডান তীর (উত্তর দিক) প্রকল্পের অন্তর্ভুক্ত করা হলে একই প্রকল্পে আরও প্রায় সাড়ে ১২ হাজার একর এক ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হবে। কর্মসংস্থান হবে আরও কয়েক হাজার কৃষিশ্রমিকের। আলোচ্য এ প্রকল্পের খসড়া এলাকাবাসীর পক্ষ থেকে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৭ সালের আগস্টে তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার কাছে পেশ করা হয়। পরে তা ২০০০ সালের ২৬ নভেম্বর পরিকল্পনা কমিশনের সদস্য তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-একনেক সভায় সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গৃহীত হয়। পরে চারদলীয় জোট বিএনপি সরকার ক্ষমতাসীন হলে অজ্ঞাত কারণে প্রকল্পটি ফাইলবন্দী হয়ে পড়ে। এদিকে এলাকবাসীর পক্ষ থেকে আবার দাবি জানালে পানি সম্পদ মন্ত্রণালয় ২০০৮ সালের ১২ মে পানি সম্পদ সচিব মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আবার গৃহীত হয়। প্রায় এক বছর পর ২০০৯ সালের ১৯ মে এক কোটি ৮৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষে পানি সম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুন ২০০৯ থেকে মার্চ ২০১০ পর্যন্ত সময়ে সমীক্ষা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়। তবে এই সময়সীমার মধ্যে এ কাজটি শুরু করতে পারেনি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তারা আরও এক বছর কাটিয়ে দিচ্ছে তাদের কাজ শুরু করতেই। মন্ত্রণালয়ের সভার কার্য বিবরণী ও সিদ্ধান্তকে পাশ কাটিয়ে পাউবো পরামর্শকদের (কনসালট্যান্ট) নির্দিষ্ট কাজের আওতা নির্ধারণ করে। গুঙ্গিয়াজুরী হাওর এলাকা নিয়ে সম্ভাব্যতা সমীক্ষার জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকলেও অজ্ঞাত কারণে টিওআরে (টার্মস অব রেফারেন্স) পাউবো প্রায় অর্ধেক হাওর (বীজনা নদীর ডান তীর) বাদ দিয়ে জরিপ চালায়। এদিকে নবীগঞ্জের বীজনা নদীর ডান তীর (উত্তর দিক) বাদ দিয়ে প্রকল্প সম্ভাব্যতা যাচাই করায় এলাকার মানুষের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ও কৃষকেরা বলছেন, বীজনার ডান তীর এ প্রকল্পের অধীনে না আনা হলে এ আলোচিত গুঙ্গিয়াজুরী হাওর প্রকল্পের আংশিক কাজ সম্পন্ন হবে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বলেন, বীজনা নদীর ডান তীর অন্তর্ভুক্ত করে ফলপ্রসূ সমীক্ষা চালাতে হবে। এ অংশ প্রকল্পে যুক্ত না করা হলে এলাকার অর্ধেক কৃষক সুফল ভোগ করবেন। তিনি পাউবোর ডুবন্ত বাঁধের সমীক্ষা চালানোর প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, তিন ফসলের জন্য পূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিতে হবে। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, পাউবোর বেশির ভাগ কর্তা ব্যক্তি নিজেদের আখের নিয়ে ব্যস্ত। গুঙ্গিয়াজুরী হাওরের হাজার হাজার একর জমিতে তিন ফসল ফলানোর ব্যাপারে তাঁদের মাথাব্যথা নেই। বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের কৃষক ঠান্ডা মিয়া (৬০) জানান, তিন ফসলের কথা শুনে তিনি খুশি হয়েছিলেন, এখন হতাশ, কার্যক্রমের গতি দেখে।প্রকল্পের প্রণেতা কৃষি চিন্তাবিদ নোমান চৌধুরী বলেন, পাউবো দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে না। কারণ, এ হাওরকে তিন ফসলে রূপান্তরিত করতে হলে এর চারদিক পূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রয়োজন। পূর্ণ বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারটি ২০০৯ সালের ১৯ মে মন্ত্রণালয়ের সভায়ও গুরুত্ব পায়। অথচ পানি উন্নয়ন বোর্ড ও তাদের পরামর্শক দল অকার্যকর ডুবন্ত বাঁধ নিয়ে মাথা ঘামাচ্ছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এহসানুল রশিদ বলেন, কোনো জটিলতা নেই, সমীক্ষা চলছে। তবে কবে শেষ হবে এ বিষয়ে এখন কিছুই তিনি বলতে পারছেন না। বীজনা নদীর ডান তীর (উত্তর দিক) প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে কি না, সে বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, আগে সমীক্ষা শেষ হোক, কাজের বাস্তবতা দেখে সরকার প্রকল্পের উদ্যোগ নেবে।