গুজব আর অবিশ্বাসে পাহাড়ে আদিবাসী-বাঙালি উত্তেজনা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পার হয়ে রাঙামাটির ভারতীয় সীমান্তসংলগ্ন বাঘাইছড়ি উপজেলার ‘১০ নম্বর মাইলের পুলিশ চেকপোস্টে’ পৌঁছাতেই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুল হক। বললেন, ‘সামনে যাওয়া যাবে না, পাহাড়িরা রাস্তা বন্ধ করে দিয়েছে। লাঠিসোটা, অস্ত্রশস্ত্র হাতে রাস্তা অবরোধ করে রেখেছে। তাদের সঙ্গে বাঙালিরা মুখোমুখি অবস্থানে। কোনোভাবেই বাঘাইহাট বাজারে যাওয়া যাবে না।’ দীঘিনালা-সাজেক সড়কে গতকাল সোমবার বেলা ১১টার চিত্র এটি।পরিচয় দেওয়ার পর পুলিশ নিজ দায়িত্বে যেতে পারেন বলে শর্ত জুড়ে দিল। দীঘিনালা-সাজেক সড়ক ধরে ১০-১৫ মিনিট গাড়ি চলার পর ভাইবা ছড়া এলাকায় পৌঁছামাত্র রাস্তার দুই দিকের জঙ্গল থেকে আকস্মিক হইচই করে শতাধিক আদিবাসী নারী সড়ক অবরোধ করে দাঁড়ান। তাঁদের পেছনে কিছু যুবকও ছিলেন। তাঁদের সবার হাতে লাঠিসোটা। অবস্থা দেখে প্রথম আলোর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি গিয়ে আদিবাসী নারীদের সঙ্গে কথা বলেন। আমাদের প্রতিনিধি আদিবাসী হওয়ায় এটা ছিল বাড়তি সুবিধা। নিজেদের ভাষায় কথাবার্তা বলার পর তারা কিছুটা শান্ত হন।আদিবাসী নারীদের মধ্যে নেতৃস্থানীয় খিরিপা রানী চাকমা (৪৫) ও শকুন্তলা চাকমা (৪২) আধা বাংলা আধা চাকমা ভাষায় বলেন, ‘পাশের ভাইবা ছড়া এলাকায় বাঙালিরা আদিবাসীদের ১০-১২টি পরিবারের ঘরবাড়ি দখল করেছে। ঘরের চাল-ডাল লুট করে নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সহায়তায় বাঙালিরা এসব তাণ্ডব চালাচ্ছে। এসবের বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে, বাঘাইহাট বাজার বন্ধ থাকবে।’এর মধ্যে বিপরীত দিক থেকে নিরাপত্তা বাহিনীর একটি টহল জিপ আসে। আদিবাসী নারীরা ওই গাড়ি ঘিরে কর্মকর্তাদের তাঁদের অভাব-অভিযোগ বলতে লাগলেন। ১৫-২০ মিনিট পর জিপটি সামনের দিকে চলে যায়।এরপর বাঘাইহাট বাজারে মাইক্রোবাস থামতেই আমাদের গাড়িতে আদিবাসী দেখে তেড়ে আসেন একদল বাঙালি তরুণ। তাঁদের অভিযোগ, চার দিন ধরে পাহাড়িদের অত্যাচারে তাঁরা ঘুমাতে পারছেন না। পাহাড়িদের রাস্তা অবরোধ, দূর থেকে অস্ত্র তাক করে ভয়ভীতি দেখানো ইত্যাদি কারণে বাঙালিদের এখন দিনরাত সতর্ক থাকতে হচ্ছে। আদিবাসীরা বাঘাইহাট বাজারের আশপাশের বাঙালি পরিবারগুলোকে অবরোধ করে রেখেছে। বাঘাইহাট বাজার ছাড়িয়ে একই সড়ক ধরে সাজেক উপজেলার গঙ্গারাম মুখের দিকে যেতে পথে পথে আদিবাসীদের বাধা আর অবরোধে পড়তে হয়। কোথাও গাছ কেটে সড়ক বন্ধ করে রাখা হয়েছে, আবার কোথাও লাঠিসোটা হাতে আদিবাসী নারীরা সড়কে বসে আছেন। প্রশাসন, নিরাপত্তা বাহিনী আর আদিবাসী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ দিন ধরে বাঘাইছড়ি উপজেলায় টালমাটাল পরিস্থিতির কারণ গঙ্গারাম মুখ এলাকার বালুঘাট পূর্ব পাড়ায় একখণ্ড জমির মালিকানাসংক্রান্ত বিরোধ। এর মধ্যে নানা ধরনের গুজব, স্বার্থান্বেষী মহলের উসকানি এবং এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থাহীনতা ও পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চার-পাঁচ দিন ধরে গুজব ছড়ানো হচ্ছে। ওই গ্রামে বাঙালিরা আদিবাসীদের পাড়ায় হামলা করেছে, অন্য গ্রামে পাহাড়িদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেনাবাহিনী আদিবাসীদের ক্যাম্পে নিয়ে নির্যাতন চালাচ্ছে, সেনাবাহিনীর হাতে আদিবাসী নিহত হয়েছে—এমন গুজব প্রতি রাতেই কোনো না কোনোভাবে ছড়ানো হচ্ছে। এ নিয়ে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা বাড়ছে। কিন্তু গতকাল সারা দিন সংশ্লিষ্ট এলাকাগুলোয় খোঁজখবর নিয়ে এসব গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি।খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের গুজব পরিস্থিতিকে উত্তপ্ত করছে। শনিবার রাতেও একাধিক ব্যক্তি টেলিফোন করে আমার কাছে বাঘাইছড়ির ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি জানতে চান। আমি বলেছি, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।’ তিনি বলেন, বাঙালি-আদিবাসী পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা কমে গেছে। উত্তেজনা সৃষ্টির এটিও অন্যতম কারণ। রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, ‘আদিবাসী একটি গোষ্ঠী আন্দোলনে নারীদের ঠেলে দিয়েছে, যা আমাদের জন্য খুবই বিব্রতকর। মা-বোনদের রাস্তায় নামিয়ে দাবি আদায়ের এ এক নতুন কৌশল।’নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, মহিলাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত হলে তা পাহাড়ের আন্দোলনে নতুন মাত্রা দিতে পারে। এ কারণে সেনাবাহিনীকে বেশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হচ্ছে।আন্দোলনের শুরু যেখান থেকে: বালুঘাট পূর্ব পাড়ায় সড়কসংলগ্ন বিতর্কিত জায়গায় গত নভেম্বরে আদিবাসীরা ‘হিলেহিলি’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসঘর তুলতে যায়। জায়গাটি নিজের দাবি করে আগেই ঘিরে রেখেছেন স্থানীয় বাঙালি শাহ আলম। জায়গা নিয়ে এ বিরোধ বিস্তৃত হয়ে গত ১৮ জানুয়ারি থেকে বাঘাইহাট বাজার বন্ধ এবং পরদিন থেকে তা সড়ক অবরোধের কর্মসূচিতে রূপ নেয়। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সাজেক নারীসমাজ নামের সদ্যগঠিত আদিবাসী মহিলাদের একটি সংগঠন। তবে শোনা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফের ইন্ধন।সাজেক নারীসমাজের আহ্বায়ক পরিচয় দিয়ে অমৃতা চাকমা ও নিরূপা চাকমা বলেন, ‘জায়গাটি আমরা আদিবাসী পাথরমুনী কার্বারির কাছ থেকে কিনেছি। শাহ আলম সেনাবাহিনীর সহায়তায় এ জায়গাটি দখল করার চেষ্টা করছেন। এ কারণে আমরা সেনাবাহিনীর প্রত্যাহার দাবি করি।’ ওই দুই নারীনেত্রীর সঙ্গে কথা বলার পর শাহ আলমের বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। সাজেকের দুই নারীনেত্রী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং অন্যান্য আদিবাসী নেতা প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনায় বসলেই কেবল এই বিরোধের নিষ্পত্তি হবে।বাজার-বিদ্যালয় খোলেনি: গতকাল দুপুরে বাঘাইহাট বাজারে কথা হয় বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, এ বাজারটি রাঙামাটি-খাগড়াছড়ি জেলার মাঝখানে বড় একটি বাজার। ৬০-৭০ মাইল দূর থেকেও লোকজন এ বাজারে আসে। কিন্তু বাজার বন্ধের কর্মসূচির কারণে আদিবাসী-বাঙালি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ বাজারের অদূরে পাহাড়ের টিলায় বাঘাইহাট উচ্চবিদ্যালয়। রোববারের গোলযোগের কারণে গতকালও বিদ্যালয় বন্ধ ছিল। বিদ্যালয়ের ঢালুতে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকি আছে।