আন্দোলনের নামে গাজীপুর মহাসড়কে তাণ্ডব, ভাঙচুর
গুজব ছড়ানোর দলে ছিলেন সরকারি দলের দুই সাংসদও
ভাঙা কাচের গুঁড়ো ছড়িয়ে আছে রাস্তাজুড়ে। শনিবারের ভাঙচুরের পর জয়দেবপুর চৌরাস্তা থেকে বিশ্বরোড পর্যন্ত এ দৃশ্য গতকালও দেখা গেছে। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ বাস্তবায়নের মাধ্যমে রাজউকের প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে—গাজীপুরে এমন গুজব ছড়ানো হচ্ছিল কয়েক দিন ধরে। কথিত প্রকল্প বাতিলের দাবিতে শনিবার সমাবেশ ডাকা হয়। এ সময় উত্তেজিত লোকজন মহাসড়কে নেমে দুই শতাধিক গাড়ি ভাঙচুর করে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এই গুজব ছড়ানোর দলে সরকারি দলের দুই সাংসদ জাহিদ আহসান রাসেল ও আ ক ম মোজ্জাম্মেল হকও আছেন। দুই সাংসদ প্রথম আলোর সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা স্বীকারও করেন। বলেন, জমি অধিগ্রহণ প্রতিরোধে তাঁরা এলাকার মানুষের সঙ্গে ছিলেন, এখনো আছেন।এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিজ্ঞাপন দিয়ে এ বিষয়ে সবাইকে জানিয়েছি। তার পরও কারা কী কারণে এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা নেপথ্যে কারা আছে, তা খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে লক্ষ রাখতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন জানিয়েছেন, এই আন্দোলনের পেছনে কয়েকজন ভূমিদস্যু এবং আবাসন প্রকল্পের মালিকের হাত রয়েছে। তাঁরাই ড্যাপ বাতিল করতে এলাকার লোকজনকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছেন।ভোগড়া ও বাসন ইউনিয়নের লোকজন গতকাল প্রথম আলোকে বলেন, ২২ জুন থেকে বলা হচ্ছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গাজীপুরে একটি উপশহর প্রকল্প করতে চায়। এ জন্য গাছা ও বাসন এলাকার মানুষের জমি অধিগ্রহণ করা হবে। দুই সাংসদ এ বিষয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। তাঁরা বলেছেন, প্রয়োজনে পদত্যাগ করবেন।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, একটি মহল ড্যাপের বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে চায়। ড্যাপ গেজেট হওয়ার পর থেকেই নানা রকম বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। অথচ সেখানে জমি অধিগ্রহণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।বাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, পত্রিকার মাধ্যমে তাঁরা জেনেছেন ভোগড়া, বাসন ও গাছার অনেকখানি অংশ অধিগ্রহণ করা হবে। সংসদেও এ নিয়ে দুই সাংসদ বক্তব্য দিয়েছেন। এসব খবরে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে।গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা তো হাওয়ার উপর আন্দোলন করি নাই। ২২ জুন রাজউক গেজেট নোটিফিকেশন জারি করেছে। উপশহর প্রকল্পের জন্য কোন এলাকার কতটুকু জমি অধিগ্রহণ করা হবে, তা বলা আছে ওই নোটিশে। এ কারণেই আমরা আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো জমি অধিগ্রহণ করা হবে না। তাই আমরা আন্দোলন স্থগিত করেছি।’দুই সাংসদের ভূমিকা: ভোগড়া এলাকায় ঢাকা বাইপাসের মুখে শনিবারের সমাবেশে টঙ্গী এলাকার সাংসদ জাহিদ আহসান পৌঁছাতে পারেননি যানজটের কারণে। আর গাজীপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক মঞ্চেই ছিলেন।মোজাম্মেল হক ওই সমাবেশে বলেন, গাজীপুরের তিনটি ইউনিয়ন ও টঙ্গীর অংশবিশেষ নিয়ে রাজউকের কথিত উপশহর প্রকল্প আন্দোলনের মুখে বাতিল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ‘জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ আওয়ামী লীগ সরকার নেবে না।’সাংসদ জাহিদ আহসান প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে গাজীপুরে জমি অধিগ্রহণ করার চেষ্টা করা হয়েছিল। তখন এলাকার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এবার যখন আবার সেই চেষ্টা শুরু হয়েছে, তখনো মানুষ রুখে দাঁড়িয়েছে। আমি জনগণকে বলেছি, অধিগ্রহণ ঠেকাতে না পারলে এমপিগিরি ছেড়ে দেব।’ তিনি বলেন, সবাই মনে করছে, এর সঙ্গে হাউজিং কোম্পানির সংশ্লিষ্টতা আছে। কিন্তু সেটা ঠিক নয়। এলাকার মানুষ নিজেরাই আন্দোলন করেছে। তাহলে ভাঙচুর করল কারা, জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ সুযোগ নিয়ে সেটা করতে পারে। যা হয়েছে সেটা খুবই দুঃখজনক।’সাংসদ আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গরিব লোকদের ভূমি থেকে উচ্ছেদ করে স্যাটেলাইট শহর করে সেই জমিতে বড় লোকদের জায়গা করে দেওয়ার বিরুদ্ধে আমি। গরিবের জমিতে গরিবই থাকবে। এ কারণে আমি এ ঘটনায় সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছি।’ কিন্তু সমাবেশে এসে ভাঙচুর ও লুটপাট করল কারা? এ বিষয়ে তিনি বলেন, ‘সমাবেশ দেখে আশপাশের ৪০টি কারখানা ছুটি হয়ে যায়। এরপর সেই শ্রমিকেরা সমাবেশে নেমে পড়ে। এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও ছিল না। কেউ সুযোগ নিয়েছে, আমাদের সমাবেশের সুযোগ নিয়ে কেউ ভাঙচুর ও লুটপাট করেছে। সরকারকে বিপাকে ফেলার জন্য তারা এটা করেছে। তবে এ ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল, যা আগে বুঝতে পারিনি।’এলাকাবাসী জানে না: বাসন ইউনিয়নের ভোগড়া গ্রামের বাসিন্দা সিরাজ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি ড্যাপের মাধ্যমে আমাদের সব জমি নিয়ে নেবে সরকার। আমার তিন বিঘা জমি ও একটি মার্কেট আছে। এখানে প্রতি বিঘা জমির দাম দুই কোটি টাকা। কিন্তু সরকার জমি নিলে ২০ হাজার টাকা দেবে। তাই আমরা আন্দোলনে নেমেছি। নেতারাও আমাদের তা-ই করতে বলেছেন।’ জমি অধিগ্রহণের নোটিশ পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নোটিশ পাইনি। কিন্তু শুনেছি।’ কার কাছ থেকে শুনেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘মুখে মুখে শুনেছি।’গাছা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা চাল ব্যবসায়ী গিয়াসউদ্দিন বলেন, ‘ড্যাপ করে সরকার আমাদের জমি নিলে আমাদের ভিটা ছাড়তে হবে। আমাদের এমপিরা বলেছেন, তাঁরা এটি প্রতিরোধ করবেন।’একই রকম মন্তব্য করেছেন ভোগড়া গ্রামের আবদুস সালাম, আলী আকবর, হানিফ মিয়া, করিমুদ্দিনসহ আরও অনেকে।ড্যাপ নিয়ে বিভ্রান্তি: স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ড্যাপ হলে সরকারি জমি অধিগ্রহণ—এমন গুজবের ওপর ভিত্তি করেই আন্দোলন সংগঠিত হয় গাজীপুরে। দুই সাংসদ, দুই ইউপি চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং অচেনা কিছু লোক ড্যাপের বিপক্ষে বিভ্রান্তি ছড়ায়।এ ব্যাপারে বাসনের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘আমরা কাউকে আন্দোলনে নামাইনি। জনগণ পত্রিকা পড়ে তাঁদের কাছে এসেছে। কারও জমি অধিগ্রহণ করা না হলে ড্যাপ বাস্তবায়নে বাধা দেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জনপ্রতিনিধি। জনগণ যা বলবে, তা-ই করব।’প্রতিরোধ কমিটি: কথিত জমি অধিগ্রহণ ঠেকাতে ইতিমধ্যেই একটি কমিটি করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে প্রতিরোধ কমিটি। কমিটির প্রধান পৃষ্ঠপোষক বাসনের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার মিয়া। আহ্বায়ক গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সদস্যসচিব সাইফুল ইসলাম তালুকদার। এর সমন্বয়ক করা হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন: মাযহারুল আলম, সিরাজুল হক, আবদুল কাদির, মকবুল হোসেন ও সানাউর রহমান।প্রতিরোধ কমিটির সদস্য আবদুল কাদির বলেন, তিনি রাজউক থেকে উপশহর প্রকল্পের কাগজ জোগাড় করেছেন। ওই প্রকল্প হলে সব জমি অধিগ্রহণ হয়ে যাবে। তাহলে ওই প্রকল্পের বিরুদ্ধে ব্যানার না টানিয়ে ড্যাপের বিরুদ্ধে কেন বলা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, একেকজন একেক ব্যানার টাঙাচ্ছে।সমাবেশের প্রস্তুতি যেভাবে: সমাবেশ সফল করতে কয়েক দিন ধরে এলাকায় সভা-সমাবেশ করা হচ্ছিল। প্রথম সভা হয় মালেকের বাড়ি এলাকায়। গাছা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর প্রধান আয়োজক ছিলেন। বৃহস্পতিবার বাসন ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার বাবুলের নেতৃত্বে হক মার্কেটের কাছে আরেকটি সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে পাড়ায় পাড়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার আরেকটি সভায় কমিটির তালিকা চূড়ান্ত হয়। শনিবার গাছা ইউনিয়নে আরেকটি সভা হয়। এতে সাংসদ জাহিদ আহসান রাসেল, গাছা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আকরাম সরকার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, আবদুল কাদেরসহ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই সভায় সাংসদ রাসেল বলেন, অধিগ্রহণ বন্ধ করতে না পারলে তিনি সংসদ সদস্যপদ ছেড়ে দেবেন। ওই সভায় জাতীয় পার্টির নেতা সাত্তার মিয়াকে প্রধান উপদেষ্টা করে একটি কমিটি হয়। কমিটিতে গাছা ও বাসন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় নেতারা সদস্য হন।মামলা, গ্রেপ্তার: গাজীপুর চৌরাস্তায় যানবাহন ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছে পুলিশ। মামলায় ঘটনার সময় হাতেনাতে ধরা পড়া তিন শ্রমিকসহ দুই হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা তিন শ্রমিক হলো, লিটন মণ্ডল, ফারুক হোসেন ও জীবন মিয়া। লিটন ডেকোরেটরে কাজ করেন। অন্য দুজন তৈরি পোশাক কারখানায় কাজ করেন। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে আগুন ধরানোর জন্য সংগ্রহ করা পেট্রলও উদ্ধার করা হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, গ্রেপ্তার করা তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কার নির্দেশে ভাঙচুর-লুটপাটে অংশ নিয়েছে, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সমাবেশ আয়োজকদের কেন আসামি করা হয়নি, জানতে চাইলে ওসি বলেন, সমাবেশ থেকে এক কিলোমিটার দূরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেখানে দুই সাংসদ ও দুই চেয়ারম্যান ছিলেন না।মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার দারোগা মনসুর আলী প্রথম আলোকে বলেন, সমাবেশের পাশাপাশি হাজার হাজার মানুষ লুটপাট ও গাড়ি ভাঙচুরে নেমে পড়ে। এদের আচরণ ছিল অন্য রকম। তারা পুলিশের ওপর আঘাত করে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার ওপর তাণ্ডব চালায় তারা। ভাঙচুরের পাশাপাশি গাড়ির মালামালও লুট করা হয়।পুলিশ জানিয়েছে, যারা ভাঙচুর ও লুটপাট করেছে, তারা বেশির ভাগই কারখানার শ্রমিক। এরা কেন ভাঙচুরে অংশ নিল, পুলিশ তা খতিয়ে দেখছে। থানার ওসি বলেন, এ ঘটনায় সময় বহু মানুষের জিনিসপত্র লুট হয়েছে। আবার কেউ বলেছেন, এর পেছনে একটি টেক্সটাইল মিলের মালিকপক্ষের উসকানি থাকতে পারে।