গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানোর সমালোচনা সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজব ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানোর সমালোচনা এসেছে বাজেটের আলোচনায়। গুজবের হোতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ারও দাবি উঠেছে সংসদে।আজ মঙ্গলবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এসব বক্তব্য আসে।সরকারি দলের সাংসদ মহিবুর রহমান বাজেটের ওপর আলোচনায় বলেন, সংবাদপত্রে একটা প্রতিবেদনে বলা হয়েছে, তিন টাকার শেয়ার ১২০ টাকা হয়েছে।গুজব ছাড়িয়ে এভাবে মানুষকে ঠকানোর সমালোচনা করে মহিবুর রহমান বলেন, ফটকাবাজির এই যে ব্যবসা, তা গুজব ছড়িয়ে করা হয়েছে। তিনি একপর্যায়ে এক দরবেশের উদাহরণ টানেন। বলেন, ‘এক দরবেশ ফুঁ দিয়ে নাকি ভালো করে দিত। তাঁকে যখন নিয়ে যাওয়া হলো গুজব ছড়িয়ে দেওয়া হলো একটা পুকুরের পানিতে তিনি ফুঁ দিয়ে গেছেন। মানুষ তখন সেই পানি নিয়ে যেতে লাগল। অথচ ওই পুকুরে ময়লা ফেলা হতো।’শেয়ারবাজারকে দরবেশের ওই দৃষ্টান্তের সঙ্গে তুলনা করে বলেন, এই যে গুজব, তা অনেক বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু কেউ খোঁজ নিয়ে দেখল না, কীভাবে এত দাম বাড়তে পারে। তিনি বাজারকে স্থিতিশীল করতে সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান।হাফিজ উদ্দিন মজুমদার কালো টাকা সাদা করার বিরোধিতা করে বলেন, ‘বাজেট এলেই কালো টাকার কথা শোনা যায়। কালো টাকার মালিকদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। এ ধরনের চেষ্টাও যেন কখনো করা না হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেখানে যত টাকা আছে, তা যেন শুধু বিনিয়োগের কাজে লাগানো হয়।’অপু উকিল প্রধান বিরোধী দলের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী যখন দেশে ইতিবাচক শাসনব্যবস্থার কারণে বিদেশে স্বর্ণপদক পান, তখন বিরোধীদলীয় নেত্রী মুহাম্মদ ইউনূসের ওপর ভর করে বিদেশে লবিংয়ের জন্য যান। তবে সেখানে তিনি কারও সঙ্গেই দেখা করার সুযোগ পাননি।বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের এ কে এম এ আউয়াল সাইদুর রহমান, রুবী রহমান, তহুরা আলী, এ বি এম আনোয়ার, মাহাবুব আরা গিনি, জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ।