গুজরাট গণহত্যার রায়ে মোদির স্বপ্ন ফিকে
ভারতের গুজরাট গণহত্যার রায় ঘোষিত হয়েছে সম্প্রতি। আর এই রায় অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত হেনেছে ভারতীয় জনতা দলের (বিজেপি) রাজনৈতিক আকাঙ্ক্ষায়। বিশেষ করে, গুজরাট রাজ্যে এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের সম্ভাবনার ভিত নাড়িয়ে দিয়েছে এ রায়। বজ্রাঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিজেপির নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেদ্র মোদি, যিনি আগামী বছর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর।কারণ সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন মোদির ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রী ডা. মায়া কোডনানি, যাঁকে আদালত ২৮ বছর কারাদণ্ড দিয়েছেন। ২০০২ সালে গুজরাটের আহমেদাবাদ শহরের নারোদা পাটিয়া দাঙ্গায় অন্তত ৯৭ জন মুলসমানকে হত্যায় ভূমিকা ছিল মায়ার। আর এ রায়ে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ, নির্বাচন সামনে রেখে জমে ওঠা ভোটের রাজনীতিতে জোগাচ্ছে নতুন রসদ। কিছুদিন আগেও বেশ ভালো অবস্থানে থাকা বিজেপির অবস্থা এখন কিছুটা নাজুক। গুজরাটের বাসিন্দারা মোদির আমলে রাজ্যের উন্নয়ন নিয়ে বেশ সন্তুষ্ট। তবে সাম্প্রদায়িক ওই দাঙ্গার সময় তাঁর ভূমিকার কথা মানুষ এখনো ভুলতে পারেনি, বিশেষ করে মুসলমানেরা। এমনই একজন সেলিম আর শেখ। গুজরাটের দাঙ্গায় তিনি তাঁর ২৭ বছর বয়সী ছেলেকে হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘মোদি আমাদের রাজ্যকে সমৃদ্ধ করেছেন, এটা কেউই অস্বীকার করতে পারবে না। এখানে বড় বড় ভবন ও প্রতিষ্ঠান হয়েছে। তবে এসব কি আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবে?’কী হয়েছিল ওই দাঙ্গার সময়? কীভাবে দায়িত্বশীল পদে বহাল থেকে মানুষ জড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক দাঙ্গায়? এর উত্তর মেলে আবদুল শেখের সাক্ষ্যে। দাঙ্গার সময় পেশায় গাইনি চিকিত্সক (পরে মোদি তাঁকে প্রতিমন্ত্রী করেন) মায়া কোডনানির রণমূর্তির কথা আজও ভুলতে পারেননি তিনি। আবদুল শেখ ওই সময় তাঁর গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন। দাঙ্গার খবর পেয়ে তিনি ছুটে গিয়ে দেখেন, মায়া মুসলমানদের হত্যা করতে দাঙ্গাকারীদের নির্দেশ দিচ্ছেন। ওই দাঙ্গায় আবদুল শেখের স্ত্রী ও অনাগত সন্তান নিহত হন।দাঙ্গার ঘটনায় মোদি কখনো দুঃখপ্রকাশ করেননি; বরং ওই দাঙ্গায় জড়িত মায়া কোডনানিকে ২০০৭ সালে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী করেছিলেন। যদিও দাঙ্গাপরবর্তী সময়ে বিজেপি রক্ষণশীল ভাবমূর্তি ঝেড়ে ফেলে খানিকটা উদার ও দায়িত্বশীল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তবে এই রায় নতুন করে ভোটারের কাছে তাদের রক্ষণশীল ভাবমূর্তিকেই সামনে নিয়ে আসছে।রাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলির মতে, বিজেপির মূলনীতি উগ্রপন্থা। তারা বাইরে যা-ই করুক না কেন, ভেতরে এই সত্তাটাকে ধারণ করে। টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে মুকুল কেশবন একজন গর্ভবতী নারী হত্যাকারীর হাতে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া কতটা দায়িত্বহীন সিদ্ধান্ত, সে কথাই বলেছেন।গুজরাটে অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশংসিত হয়েছেন নরেন্দ্র মোদি (৬১)। এ বছরের শেষের দিকে রাজ্যের নির্বাচনে তাঁর দলের জয় অনেকটাই নিশ্চিত ছিল। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর জনপ্রিয়তা এমন পর্যায়ে যে প্রধানমন্ত্রীর দৌড়ে জনপ্রিয়তার দিক দিয়ে ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ও ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর চেয়ে এগিয়ে আছেন নরেন্দ্র মোদি। তবে এই রায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। শুধু ঘরে নয়, বাইরেও বিপাকে পড়েছেন মোদি। যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা দেয়নি। এমনকি তিনি যেসব সভায় থাকেন, ওই সব সভা এড়িয়ে চলেন অনেক কূটনীতিক।২০০২ সালে গুজরাটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় মুসলমানদের জড়িত থাকার অভিযোগ এনে রাজ্যজুড়ে শুরু হয় সাম্প্রদায়িক হানাহানি। ভারতের সরকারি হিসাব অনুযায়ী, ওই দাঙ্গায় অন্তত এক হাজার ব্যক্তি নিহত হন। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গুজরাট দাঙ্গায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন মুসলিম। আর দাঙ্গায় মদদ দেন তত্কালীন গুজরাটের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার।