গুজরাট থেকে কংগ্রেসের নাম মুছে যাবে
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এ বছরেই অনুষ্ঠেয় রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হবে এবং রাজ্য থেকে কংগ্রেসের নাম মুছে যাবে। মোদি এবারের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।আজ রোববার রাজকোটে রাজ্য সরকারের নির্বাহী কমিটির এক সভায় নরেন্দ্র মোদি এসব কথা বলেন। নয় বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদী। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে মোদি প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।২০১৪ সালে দেশের যে নির্বাচন হবে ওই নির্বাচনে কেন্দ্রেও সরকারের পরিবর্তন হবে—এমন ইঙ্গিত করে নরেন্দ্র মোদি বলেন, ইউপিএ জোট সরকারের ওপর দেশের মানুষ চরমভাবে হতাশ। ইউপিএ জোটের সমালোচনা করে গুজরাটের এই মুখ্যমন্ত্রী বলেন, মনমোহন সিংয়ের সরকার বুঝতে পারছে না যে তাদের নৌকা ডুবতে বসেছে। নরেন্দ্র মোদি বলেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে ভারতীয় মুদ্রা রুপির অবমূল্যায়ন হয়নি। এর জন্য দায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দুর্নীতি। তবে মোদি যখন নির্বাহী কমিটির সভায় ব্যস্ত তখন বাইরে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। এ সময় একজনকে আটক করে পুলিশ। টাইমস অব ইন্ডিয়া।