গুজরাট দাঙ্গায় ইন্ধন, বিজেপির নেত্রীর ২৮ বছর কারাদণ্ড
সাম্প্রদায়িক দাঙ্গায় হত্যা ও ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গুজরাটের সাবেক মন্ত্রী ও বিজেপির নেত্রী মায়া কোদনানির ২৮ বছরের কারাদণ্ড হয়েছে। ২০০২ সালে সংঘটিত ওই দাঙ্গাটি ছিল ভারতের ইতিহাসে অন্যতম ন্যক্কারজনক ধর্মীয় সংঘাত।ওই দাঙ্গায় আনুমানিক দুই হাজার ৫০০ লোককে শারীরিক নির্যাতন ও পুড়িয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিল মুসলমান।রয়টার্সের এক খবরে বলা হয়, আজ গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের একটি আদালতে কয়েক বছর ধরে চলা মামলাটির রায় ঘোষণা হয়। এ সময় দোষী সাব্যস্ত ৩২ জনের সাজার মেয়াদ জানতে আত্মীয় ও বন্ধুরা আদালতের সামনে ভিড় জমান। বিপরীতে দাঙ্গায় হতাহত ব্যক্তিদের অনেক আত্মীয়ই আদালত চত্বরে যাননি।এদিকে দাঙ্গার ১০ বছর পর রায় ঘোষণার দিন আতঙ্কিত হতে দেখা গেছে মুসলমানদের। অসমর্থিত বিভিন্ন খবরে বলা হয়েছে, আদালতের রায়ে প্রতিশোধপরায়ণ হয়ে হিন্দুরা ফের আক্রমণ করতে পারে বলে মনে করেছে অনেক মুসলমান। ফলে অনেকেই তাঁদের দোকানপাট বন্ধ রেখেছেন। অনেকেই সপরিবারে আহমেদাবাদ ছেড়ে গেছেন। প্রসঙ্গত, গুজরাট দাঙ্গায় সাজা পাওয়া মায়া কোদনানি ২০০৭-০৯ সময়ে বিজেপির আইনপ্রণেতা এবং রাজ্যের নারী ও শিশুবিষয়কমন্ত্রী ছিলেন। দাঙ্গায় জড়িত থাকার দায়ে সাজা পাওয়া ৩২ জনের মধ্যে সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি তিনি। রায়ের আগে দোষী সাব্যস্ত ৩২ জনকেই মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছিলেন রাজ্যের কৌঁসুলি। পরে তাদের সবাইকে ১৪ বছর থেকে আজীবন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।এদিকে কোদনানি দোষী সাব্যস্ত হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তাঁর দল বিজেপি এবং গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।