গুজরাট ভারতের মডেল! (ভিডিওসহ)
১৯৯৪ সালে ভারতের গুজরাটের সুরাট শহরে বন্যা হয়েছিল। প্রবল বন্যায় ভেসে গিয়েছিল শহরের সবকিছু। সে সময় শহরে মহামারি আকারে ছড়িয়ে পড়ে প্লেগ। আর আজ সেই সুরাটই ভারতের উন্নত ও ধনী শহরগুলোর একটি। শহরটির বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ১৪ শতাংশ।ভারতের অন্যান্য যেকোনো শহরের চেয়ে সুরাটের প্রবৃদ্ধি বাড়ছে দ্বিগুণ হারে। গুজরাটের দক্ষিণাঞ্চলের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রোহিত মেহেতার বক্তব্য এমনই। তিনি বলেছেন, ‘যখন চারদিকে যখন কেবল হতাশা আর অরাজকতা, তখন গুজরাট আমাদের আশার আলো দেখাচ্ছে।’ভয়াবহ বিপর্যয় থেকে সুরাটের ঘুরে দাঁড়ানো পুরো ভারতে এক অনন্য দৃষ্টান্ত। সুরাটের অর্থনৈতিক সাফল্য গুজরাটের সব শহরে ছড়িয়ে দিতে হবে। ভারতের অন্য সব রাজ্যের চেয়ে গুজরাট একটু অন্য রকম। ভারতের অন্য রাজ্যগুলোতে যেখানে সড়ক যোগাযোগব্যবস্থা খুবই খারাপ এবং পানি সরবরাহ অপ্রতুল, সেখানে গুজরাটের সড়ক যোগাযোগব্যবস্থা খুবই উন্নত। পানি সরবরাহব্যবস্থাও যথেষ্ট ভালো। আর গুজরাটের এসব সাফল্য ও উন্নতি সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই। নরেন্দ্র মোদি গুজরাটে বাণিজ্যের সম্প্রসারণকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি গুজরাটের বস্ত্র ও অলংকার শিল্পকে উন্নত করেছেন। সেই সঙ্গে তিনি রাজ্যে স্টিল ও তেল পরিশোধনাগার শিল্পেরও উন্নয়ন করেছেন।
এ প্রসঙ্গে রাজ্যের লক্ষ্মীপতি শাড়ি কোম্পানির পরিচালক সঞ্জয় সারোগি বলেছেন, গুজরাটে শিল্প ও বাণিজ্যের উন্নয়নের কারণ রাজ্য সরকার এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করেছে। তারা গুজরাটে ব্যবসাবান্ধব পরিবেশও সৃষ্টি করেছে।তবে গুজরাটের এসব সাফল্য সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির অতীতের কিছু কর্মকাণ্ড বেশ বিতর্কিত। ২০০২ সালে গুজরাটের ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গার দগদগে স্মৃতি হয়তো এখনো ভোলেননি অনেকে। ওই দাঙ্গায় তিন হাজার মানুষ প্রাণ হারান। অভিযোগ আছে, সে সময় দাঙ্গা থামাতে প্রশাসন জোরাল কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে মোদির বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে এসব সমালোচনার পরও এটা অস্বীকার করার উপায় নেই যে গুজরাটের উন্নয়নে মোদির বড় একটা ভূমিকা রয়েছে। আর তাঁর নেতৃত্বেই গুজরাট দিন দিন উন্নত হচ্ছে।বিশ্বের বড় গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর কারাখানাও গুজরাটেই রয়েছে। ফোর্ড, পিউগট গুজরাটেই একের পর এক কারখানা গড়ে তুলছে। টাটার ন্যানো প্রকল্প পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটেই আশ্রয় নিয়েছে।এ প্রসঙ্গে গুজরাটের শিল্পসচিব এম সাহু বলেছেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য এর আগে গুজরাটে বড় ধরনের বিনিয়োগ করেছে। আর সম্প্রতি জাপান, ডেনমার্ক, ফিনল্যান্ড, স্পেন, ইসরায়েল এ রাজ্যে বিনিয়োগ করছে। কারণ তারা মনে করে, গুজরাটই বিনিয়োগের জন্য নিরাপদ স্থান। এখানকার পরিবেশও ব্যবসাবান্ধব।মোদি আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে। সেই নির্বাচনে গুজরাটের অর্থনৈতিক সাফল্যকে মাথায় রেখে ভোটাররা ভোট দিলে মোদি ভারতের প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারেন।