গুজরাটে ট্রেনে আগুন: ১১ জনের ফাঁসি, ২০ জনের যাবজ্জীবন
২০০২ সালে গুজরাটের গোধরা স্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের মামলায় ভারতের একটি বিশেষ আদালত আজ মঙ্গলবার ১১ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত অপর ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।আদালত গত ২২ ফেব্রুয়ারি ট্রেনে অগ্নিসংযোগের মামলায় ওই ৩১ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন। এ ছাড়া আদালত মামলার মূল আসামি মৌলভি ওমরজিসহ ৬৩ জনকে ষড়যন্ত্র ও হত্যার দায় থেকে অব্যাহতি দেন। তবে আদালত প্রধান অভিযুক্ত ওমরজিকে খালাস দিলেও অন্যতম অভিযুক্ত হাজি বিল্লা ও রাজ্জাক কুরকুরকে দণ্ডিত করেছেন।২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি একদল দুষ্কৃতকারী সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দিলে ৫৯ জন যাত্রী নিহত হয়। নিহতদের সবাই হিন্দু তীর্থযাত্রী ছিলেন। এ ঘটনার পরপরই গুজরাট রাজ্য জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বেধে যায়। এতে এক হাজার ২০০-র বেশি লোক নিহত হয়। নিহতদের বেশির ভাগই ছিল মুসলমান।বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। ২০০৯ সালের জুন মাসে সবরমতি কেন্দ্রীয় কারাগারে এ মামলার কার্যক্রম শুরু হয়।