গুজরাটে নরেন্দ্র মোদি এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি এগিয়ে আছেন। আজ বৃহস্পতিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ২০টিতে জয় ও ৯৭টিতে এগিয়ে আছে বিজেপি। বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী ১১টিতে জয় এবং ৪৯টি আসনে এগিয়ে আছেন। এ ছাড়া গুজরাট পরিবর্তন পার্টি (জিপিপি) দুটি ও অন্যান্য দল তিনটি আসনে এগিয়ে আছে।গুজরাট রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৩ ডিসেম্বর ৮৭টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৭ ডিসেম্বর ৯৫টি আসনে ভোট নেওয়া হয়।এই নির্বাচনে বিজয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা নরেন্দ্র মোদি। নির্বাচনের ফলাফলও তেমনই ইঙ্গিত দিচ্ছে।ভারতের পরবর্তী সাধারণ নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হবে। এতে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাভিলাষ তিনি নিজে কখনো প্রকাশ করেননি। স্বাধীনতা-পরবর্তী ভারতে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় মোদি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে মুসলিম সম্প্রদায় ও সেক্যুলার নাগরিকদের অনেকে ঘৃণা করেন। গুজরাটে ২০০২ সালের ওই দাঙ্গায় অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছিল। নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিল মুসলমান। তবে ওই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ মোদি বরাবরই অস্বীকার করে আসছেন।