গুজরাটে বিজেপি, হিমাচলে কংগ্রেস জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সাবেক মুখ্যমন্ত্রী বীরভাদ্র সিংয়ের নেতৃত্বে পার্বত্য রাজ্য হিমাচলে জয়ী হয়েছে কংগ্রেস। সর্বশেষ খবরে জানা গেছে, গুজরাটের ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১১৬টি এবং কংগ্রেস ৬২টি আসনে জিতেছে। বিজেপির দলত্যাগী নেতা কেশুবাই প্যাটেলের গুজরাট পরিবর্তন পার্টি পেয়েছে দুটি আসন। একটি করে আসন পেয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) ও সংযুক্ত জনতা দল (জেডিইউ)।২০০৭ সালের নির্বাচনে বিজেপি ১১৭টি এবং কংগ্রেস ৬১টি আসন পেয়েছিল। হিমাচল প্রদেশে বীরভাদ্রকে নিয়ে ভালো প্রচারণার সুফল পেয়েছে কংগ্রেস। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হিমাচলের ৬৮টি আসনের ৩৬টিতে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপি জয়ী হয়েছে ২৫টিতে। এগিয়ে আছে একটিতে। গত নির্বাচনে ওই রাজ্যে কংগ্রেস ২৩টি ও বিজেপি ৪১টি আসন পেয়েছিল ।বিশ্লেষকদের মতে, গুজরাট নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে ২০১৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল মোদির। তবে এ ব্যাপারে সাবধানী মন্তব্য করতে দেখা গেছে বিজেপি নেতাদের। বিজেপির প্রধান মুখপাত্র রবিশংকর প্রাসাদ মোদির প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, তিনি (মোদি) সব সময়ই দলের গুরুত্বপূর্ণ নেতা। তিনি আরও বলেন, ‘বিজেপি কোনো পারিবারিক দল নয়, যেখানে একজন যুবরাজ নেতৃত্ব দেবেন। আমরা পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলি।’এদিকে এক টুইটার বার্তায় বিজয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন মোদি। ওই বার্তায় তিনি বলেন, ‘পেছনে ফেরার কোনো সুযোগ নেই, এগিয়ে যেতে হবে। আমাদের অফুরন্ত শক্তি, অসীম সাহস ও ধৈর্যের দরকার।’নির্বাচনে পরাজয়ের পরও আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত কংগ্রেস নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, গুজরাটে মোদি এবং বিজেপিকে ‘সংযত’ রাখায় নিশ্চিতভাবে জয়ী হয়েছে কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।