গুজরাটের দাঙ্গায় ১৮ জনের যাবজ্জীবন
ভারতের গুজরাট রাজ্যের আনন্দ জেলার ওডি শহরে ২৩ মুসলিমকে পুড়িয়ে হত্যার মামলায় দোষী সাব্যস্ত ২৩ জনকে আজ বৃহস্পতিবার দণ্ড দেওয়া হয়েছে। বার্তা সংস্থা টিএনএন এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়, আনন্দ জেলার বিশেষ এসআইটি আদালত ১৮ জনকে যাবজ্জীবন এবং পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। বিশেষ কৌঁসুলি পিএন পারমা আদালতের কাছে দোষী সাব্যস্তদের জন্য মৃত্যুদণ্ডের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এই ধরনের জঘন্য ঘটনা খুব দুর্লভ। তিনি আরও বলেন, এই দাঙ্গা এবং ২৩ জনকে পুড়িয়ে মারার ঘটনা একটি ষড়যন্ত্রেরই অংশ। এর আগে গত সোমবার আনন্দ জেলার একটি বিশেষ আদালত ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করেন। আদালত মামলার অপর ২৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।২০০২ সালে উত্তেজিত জনতা গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগ করে। এতে পুড়ে প্রায় ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনার পর ১ মার্চ একদল উত্তেজিত জনতা ওডি শহরের পিরাওয়ালি ভাগলের কাছে জড়ো হয়। পরে তারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকদের আশ্রয় নেওয়া একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় পুড়ে ২৩ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে ১৮ জনই ছিলেন নারী।ওডি হত্যা মামলার তদন্তে গুজরাট পুলিশ খুব একটা এগোতে পারেনি। পরে ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) হত্যা মামলাটি তদন্ত করে সুপ্রিম কোর্টে উত্থাপন করে। সুপ্রিম কোর্ট মামলার অধিকতর তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেন। এসআইটির তদন্ত শেষে আদালত বিচার কার্যক্রম শুরু করেন।