গুজরাটের পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শনিবার পদত্যাগ করেছেন। ২০০৫ সালে এক ভুয়া বন্দুকযুদ্ধে সোহরাবউদ্দিন শেখকে হত্যা করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এখনো তাঁকে খুঁজছে।গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অমিত শাহ তাঁর পদত্যাগপত্র আমার বাংলোয় পাঠিয়েছেন। আমি এখান থেকে ফিরে এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। আমি তাঁর পদত্যাগ গ্রহণ করেছি।’ অমিত শাহের কাছের লোক হিসেবে পরিচিত মোদি বলেন, ‘অমিত শাহ দেশের আইনি-ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করবেন। এ ছাড়া আমি বিশ্বাস করি, ভারতের আইন তাঁর প্রতি ন্যায়বিচার করবে।’ এর আগে বিজেপি শাহের পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছিল।এদিকে সোহরাবউদ্দিন শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আরও ১৭ জনের সঙ্গে শাহকেও ব্যাপকভাবে খোঁজা শুরু করেছে সিবিআই। গতকাল শুক্রবার সিবিআই প্রকাশিত অভিযোগপত্রে ১৮ জনের নাম উল্লেখ করা হয়। যার মধ্যে তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁরা হলেন, অমিত শাহ, অজয় প্যাটেল ও যশপাল চুড়াসামা। এর মধ্যে প্যাটেল ও চুড়াসামা অমিত শাহের কাছের লোক হিসেবে পরিচিত। বাকি ১৫ জন, যাঁরা এখন জেলে, তাঁরা পুলিশের সদস্য। তাঁদের সবাই হত্যা, অপহরণ ও ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত। রাজস্তানের অধিবাসী সোহরাবউদ্দিন শেখের হত্যাকাণ্ডের ব্যাপারে একটি উচ্চপর্যায়ের মামলা দায়ের করা হয়েছে। তিনি ২০০৫ সালের ২৬ নভেম্বর পুলিশের সঙ্গে এক তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হন বলে দাবি করা হয়। পুলিশের দাবি করে তিনি লস্কর-ই-তাইয়্যেবার একজন কর্মী এবং জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে তিনি আহমেদাবাদে আসেন। তাঁর স্ত্রী কাওসার বাই পরে হারিয়ে যান। মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, শেখ ও তাঁর স্ত্রী একটি বাস থেকে অপহূত হন এবং আহমেদাবাদের কাছে তাঁদের ঠান্ডা মাথায় খুন করা হয়।অমিত শাহের বিরুদ্ধে আনা সিবিআইর অভিযোগপত্রের কারণে বিব্রত বিজেপি গতকাল শুক্রবার পার্লামেন্টের বর্ষাকালীন সেশনের আগে আগামী সোমবার এক মধ্যাহ্নভোজে অংশ নিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পাঠানো এক আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। পরে এক সংবাদ ব্রিফিংয়ে লোকসভায় বিরোধীদলীয় নেতা সুসমা স্বরাজ বলেন, ‘সরকার সিবিআইকে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছে। অমিত সাহার বিষয়টিই প্রমাণ করে যে সরকার পরিবেশ দূষিত করতে চায়। আমরা ওই মধ্যাহ্নভোজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কেননা কেবল একটি অনুকূল পরিবেশেই আলোচনা হতে পারে, কোনো দূষিত পরিবেশে নয়।’