গুটি ইউরিয়া সার তৈরির মেশিন কিনে ব্যবসায়ীরা প্রতারিত
স্থানীয় কৃষি অফিসের পরামর্শে কৃষি অধিদপ্তরের গুটি ইউরিয়া সার তৈরির মেশিন (ব্রিকেট) কিনে বিরামপুরের সার ব্যবসায়ীরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুরে বিরামপুর উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কৃষকদের কাছে ‘ইউরিয়া সাশ্রয়ের লক্ষ্যে গুটি ইউরিয়া জনপ্রিয়করণ প্রকল্প’ গ্রহণ করে। সারা দেশে স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে বিসিআইসি সার ডিলারদের কাছে গুটি ইউরিয়া তৈরির মেশিন বিক্রয় করে। বিরামপুর উপজেলায় কুণ্ডু ট্রেডার্স, নূর ট্রেডার্স, মৌরী ট্রেডার্স ও কামাল ট্রেডার্স মোট চারটি মেশিন কেনে। প্রতিটি মেশিনের মূল্য ধরা হয় ৬৯ হাজার টাকা। ব্যবসায়ীরা তিনটি কিস্তিতে টাকা পরিশোধ করেন।নূর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নূর ইসলাস জানান, কৃষি অফিসের অনুপ্রেরণা আর পরামর্শে তিনি মেশিনটি কেনেন। কিন্তু মেশিনগুলো ছিল পুরোনো। কেনার পর থেকে অনেক চেষ্টা করেও মেশিনগুলো চালু করতে পারেননি। চালু করতে গিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নষ্ট হয়েছে। মেশিন সারাতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। কৃষি অফিসে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। কুণ্ডু ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্রী দিলীপ কুমার কুণ্ডু জানান, ‘এলাকার কৃষকেরা এখন আর গুটি ইউরিয়া ব্যবহার করতে উত্সাহ দেখান না। কৃষি অধিদপ্তর নিজেরাই সে সুযোগ নষ্ট করেছে।’এ ব্যাপারে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো, শাহ আলম জানান, তিনি এখানে নতুন এসেছেন। অভিযোগগুলো তিনি শুনেছেন। শিগগিরই তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান।