শেয়ারবাজারে গুটি কয়েক লোক কারসাজি করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এরা বিভিন্নভাবে প্রভাবিত করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সচিবালয়ে গতকাল সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে কারসাজিকারী কারা, তা পরিষ্কার করে বলেননি অর্থমন্ত্রী। শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রীর সাম্প্রতিক নানা মন্তব্যে বিনিয়োগকারীরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন—এ বিষয়টি জানানো হলে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীরা অনেক কিছুই ভাবতে বা বলতে পারেন। সেটা তাঁদের স্বাধীনতা। তবে আমি যা বলেছি, তা শেয়ারবাজার ও সত্যিকারের বিনিয়োগকারীদের স্বার্থেই বলেছি।’অর্থমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ‘আমি আমার আগের বক্তব্যে অনড়। কারণ, আমি চাই না অল্পসংখ্যক লোকের কারণে সত্যিকারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন।’ পাশাপাশি শেয়ারবাজারকে স্থিতিশীল করার সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করে বলেন, বাজার স্থিতিশীল করার জন্যই বিভিন্ন আইনকানুন করা হচ্ছে এবং এ কাজ অনেক দূর এগিয়ে গেছে। কয়েক দিনের টানা দরপতনের পর গতকাল সোমবার বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা শেয়ারবাজারের চরিত্র। কখনো দর বাড়বে, আবার কখনো কমবে। এভাবেই শেয়ারবাজারে লেনদেন হয়। বাজারের এই চরিত্রকে মেনে নিয়েই বিনিয়োগ করতে হবে।’