বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
গুটিবসন্তও ভাষাকে হত্যা করেছে
জীবজগতের সঙ্গে আদিবাসীদের সম্পর্কটা নিবিড় বন্ধুত্বের। পারস্পরিক পরিচর্যার মাধ্যমে মানুষ ও জীবজগৎ পরস্পরকে সুস্থতা ও উজ্জ্বল পরমায়ু প্রদান করে আসছিল। ব্রিটিশ কলম্বিয়ায় দিন বেশ ভালোই কাটছিল মানুষ ও প্রকৃতির। ভাগ্যান্বেষণে সভ্য জগতের শিক্ষিতজনেরা ব্রিটিশ কলম্বিয়ার অরণ্যে প্রবেশ করল। সঙ্গে নিয়ে এল কিছু রোগজীবাণু। গুটিবসন্ত এমনি করেই ঢুকেছে অরণ্যের ভেতর, তার পরপরই মহামারি। শিক্ষিত অনুপ্রবেশকারীরা বাঁচার কায়দাকানুন জানত, জানত না আদিবাসীরা। বেশ কটি আরণ্যক ভাষার মানুষ একেবারে বিলীন হয়ে গেল এই মহামারিতে। সেকানিরা জানত জুম চাষ। তাদের সাম্রাজ্যে ঢুকে পড়ে কাঠ ব্যবসায়ী আধুনিক মানুষ। বিশাল অঞ্চল বৃক্ষশূন্য করে তারা খেপিয়ে দিল আগ্রাসী গুবরে পোকাদের। পোকা আক্রমণ করল শস্যখেত। অসহায় মানুষ পোকার বিরুদ্ধে সংগ্রামে হেরে যায়। ১৯৯০-এর দশকেই গুবরে পোকা সাত লাখ একর বনাঞ্চল সম্পূর্ণ নষ্ট করে দেয়, আরও বিপন্ন হয়ে পড়ে সেকানি ভাষার মানুষ। এখন তাদের সংখ্যা ১০০-এর নিচে নেমে গেছে। ভাষাটি কেবল মৃত্যুর জন্য অপেক্ষা করছে।দুর্বল সংখ্যালঘুর ভাষা বরাবরই মার খেয়ে গেছে রাজনৈতিক, সাংস্কৃতিক ও আর্থিক আগ্রাসনের কারণে। এই প্রক্রিয়া বেশ আগেই শুরু। স্টিফেন রজার ফিশার হিসাব করে দেখিয়েছেন বরফযুগের শেষ ভাগে এসে, প্রায় ১০ হাজার বছর আগেই সংখ্যালঘুর ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসতে শুরু করে—শুরুতে লক্ষ্য আঞ্চলিক অধিকার ও রাজত্ব বিস্তার। আবার ক্ষমতাধর সংখ্যালঘু হয়েও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠকে মাতৃভাষা থেকে সরিয়ে নিতে পেরেছে ঔপনিবেশিক শাসকেরা। আবার ঔপনিবেশিক শাসনের অবসানও যে ভাষাকে রক্ষা করতে পেরেছে, এমন নয়।কেনিয়ার ভাষাকর্মীরা দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে তাঁদের ভাষা তাঁদের মুখ থেকে চলে যাচ্ছে ইতিহাসের পাতায়। কেনিয়ার মোট ৪২টি সচল ভাষার মধ্যে অন্তত ষোলোটি কোনো শিশুই ব্যবহার করছে না, তারা এ ভাষা শেখার সুযোগ ও পরিবেশ পায়নি। ষোড়শ শতকে স্পেনীয়রা যখন দক্ষিণ আমেরিকার বিশাল অংশ দখল করে নিল—কয়েক শ ভাষার মৃত্যু ঘটল।ভাষার মৃত্যুর সহজ ব্যাখ্যাটি হচ্ছে সর্বশেষ নেটিভ স্পিকারের মৃত্যু। ইয়াক ভাষার সর্বশেষ জীবিত ব্যক্তি ৮৩ বছর বয়সী মেরি স্মিথ মৃত্যুবরণ করলেন, আর ভাষাটি সমাহিত হলো। পৃথিবীর ক্ষতিটা আরও অনেক বড়। এই সমাপ্তির সঙ্গে পৃথিবী একটি সংস্কৃতির সকল জ্ঞান ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলো।ভাষার বিলয় ধীরেও হতে পারে, দ্রুতও ঘটতে পারে। আর্থিক ও রাজনৈতিক চাপে একটি ভাষার মানুষ পার্শ্ববর্তী সবল ভাষাটির অনুগত হয়ে পড়ে। তারপর একটি দীর্ঘমেয়াদি দ্বিভাষিক পর্ব চলতে থাকে। সবল ভাষা থেকে অধিগ্রহণ বাড়তে থাকে এবং একপর্যায়ে শিশুরা দ্বিভাষিক অনিশ্চয়তার বদলে সরাসরি নতুন সবল ভাষাটিকে গ্রহণ করে। ধীরে ধীরে দ্বিভাষিক পর্বটি সরে যায়, হারিয়ে যায় মাতৃভাষা।বিভিন্ন ধরনের আর্থিক ও সাংস্কৃতিক শক্তির উত্থান আমূল নিষ্ক্রিয় করে দেয় কোনো কোনো ভাষাকে। সেই ভাষা নিবু নিবু হয়ে টিকে থাকে ধর্মীয় উপাসনাগৃহে। সংস্কৃত এর অন্যতম উদাহরণ।১৮৯৫-১৯৬০—এই ৬৫ বছর সময়কালের মধ্যে বিলুপ্ত হয়েছে এস্কিমোদের ভাষা ‘ওল্ড সাইরেনিক’। এটি র্যাডিক্যাল ডেথ। অপর একটি এস্কিমো ভাষাকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করার পর ধীরে ধীরে ওল্ড সাইরেনিক উপযোগিতা হারায়—ভাষাটির সাক্ষর থেকে যায় কিছু পুরোনো দলিল-দস্তাবেজে আর ধর্মশালায়। আলাস্কা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস মাইকেল ক্রস সতর্ক করে দিয়েছেন, ভাষাবৈচিত্র্য ধরে রাখতে না পারলে সামনে মহাদুর্যোগ। পৃথিবীর ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিলুপ্ত হতে থাকবে। হাতে গোনা কয়েকটি ভাষার আধিপত্যে পৃথিবী বিবর্ণ হয়ে পড়বে।