পৃথিবী থেকে গুটিবসন্তের জীবাণু নির্মূল করার দিন-তারিখ ঠিক না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সম্মেলনের শেষ দুই দিন বিষয়টি জেনেভার নেশনস ভবনে কিছুটা হলেও উত্তাপ ছড়ায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় এখনো মরণব্যাধি গুটিবসন্তের জীবাণু রয়েছে। সংস্থাটির ৬৭তম সম্মেলনে জীবাণু ধ্বংসের তারিখ নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সুইজারল্যান্ডের জেনেভায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।১৬ মে শুরু হওয়া সম্মেলনে জনস্বাস্থ্য-সংশ্লিষ্ট বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীদের নেতৃত্বে প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ দল সম্মেলনে যোগ দেয়। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ বছর সম্মেলনে অসংক্রামক ব্যাধি, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, টিকা, ওষুধের যৌক্তিক ব্যবহার, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি-২০০৫, স্বাস্থ্য ব্যবস্থাপনা দৃঢ়করণ, স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্যসংশ্লিষ্ট এমডিজি, কলেরা প্রতিরোধ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, ‘পৃথিবীর সব দেশের মানুষের স্বাস্থ্য বিষয়ে নীতি নির্ধারণে এ সম্মেলন বসে। প্রতি বছরের মতো এবারও পৃথিবীর মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সম্মেলনে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসসহ অনেক দাতা সংস্থার প্রতিনিধি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবারের সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি ছিল গুটিবসন্তের জীবাণু ধ্বংসের দিন নির্ধারণ। ইরানসহ ভূমধ্যসাগরীয় এলাকার কিছু দেশের দাবি ছিল, পাঁচ বছরের মধ্যে জীবাণু ধ্বংস করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এ দাবির বিরোধিতা করে বলে, পাঁচ বছর পর সিদ্ধান্ত নিতে হবে, কবে নাগাদ এ ভাইরাস ধ্বংস করা হবে। গতকাল সকালে এ নিয়ে একপর্যায়ে অচলাবস্থার সৃষ্টি হয়। সমঝোতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যানকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে কথা বলতে দেখা যায়।এর আগে গুটিবসন্তের জীবাণু বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানে বসন্তের জীবাণু এখনো আছে। গবেষণার কাজে ওই জীবাণু ব্যবহার করা হচ্ছে। ইরান ও তার বন্ধুরাষ্ট্রের প্রতিনিধিরা বলেন, এই জীবাণু মানুষের জন্য হুমকি। এ ছাড়া এই জীবাণু নিয়ে যে গবেষণা হচ্ছে, তার সুফলও অন্য দেশের মানুষ পাচ্ছে না। এই জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহারেরও আশঙ্কা আছে অনেকের।