গুডবাই, গুটকা!
না, আর ‘গুটকা’ খাওয়া যাবে না। ভারতের ১০টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে পানমসলা-জাতীয় এই খাবার। কারণ, ‘গুটকা’ বলে পরিচিত পণ্যটির উপাদানে তামাক রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।গুটকা নিষিদ্ধ হওয়া ১০টি রাজ্য হলো: মধ্যপ্রদেশ, কেরালা, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, ঝাড়খন্ড, দিল্লি ও পাঞ্জাব। ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ খাদ্যের শ্রেণীগত পুনর্বিন্যাস করেছে। সে অনুযায়ী গুটকা খাদ্যপণ্য হিসেবে বিবেচিত। প্রচলিত আইন অনুযায়ী, কোনো খাবারে তামাক বা নিকোটিন-জাতীয় উপাদান মেশানো কঠোরভাবে নিষিদ্ধ। গুটকা নিষিদ্ধ করায় একদিকে যেমন ওই সব রাজ্যের অগণিত মানুষ স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবে, একই সঙ্গে এ সিদ্ধান্ত তামাকশিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। গুটকা ছেলে, বুড়ো—সব বয়সী মানুষ খেয়ে থাকে। ভারতে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ সুপারি, তামাকসহ বিভিন্ন ধরনের মুখরোচক উপাদান দিয়ে তৈরি গুটকা খেয়ে থাকে।এদিকে, এই নিষেধাজ্ঞা তুলে নিতে গুটকা ব্যবসায়ীরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁরা গুটকাকে খাবার হিসেবে নয়, তামাকজাতীয় পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। তাহলে এটি প্রচলিত তামাক আইনের আওতায় পড়বে। এতে এটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে। গুটকা নিষিদ্ধ হলে তামাকচাষিরা বেকায়দায় পড়বেন।দিল্লির ডিএস গ্রুপ কোম্পানি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নিয়ে গেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, কোটি কোটি ডলারের এই প্রতিষ্ঠান তামাক আইন অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। গুটকা কোনো খাবার নয়। আর এ নিষেধাজ্ঞা লাখ লাখ কৃষকের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। অনেক হকার ব্যাঙ্গালুরু থেকে নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কোম্পানির একজন কর্মকর্তা বলেন, ‘এ সিদ্ধান্তের ফলে বড় ধরনের কী ঘটতে যাচ্ছে, তা কেউ বুঝতে পারছে না। এই গরিব চাষিদের কী হবে? কেউ তাঁদের কথা চিন্তা করছে না।’ শিশুসহ বেশির ভাগ ভারতীয় ধূমপানের বদলে গুটকা চিবিয়ে খায়। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক অমল পুষ্প বলেন, বাকি রাজ্যগুলোতেও এ নিষেধাজ্ঞা জারি করা হবে। এটি কেন্দ্রের নির্দেশ। এ নির্দেশ মান্য করা ছাড়া রাজ্যগুলোর কোনো উপায় নেই। গুটকা খাওয়ার কারণে মুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। বিভিন্ন ব্র্যান্ডের গুটকার মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে, যা টাইলস পরিষ্কার করতে বা ব্যাটারির এসিডে ব্যবহার করা হয়।গুটকা খেয়ে মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আবদুল কাইয়ুম বলেন, ‘গুটকা খেয়ে আমার এ অবস্থা হবে জানলে এদিকে তাকাতামই না।’ ৬২ বছর বয়সী কাইয়ুম আরও বলেন, ‘এটি খাওয়া মানে মৃত্যুর পথে যাওয়া।’দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে দেখা যায়, প্রতিবছর নতুন করে অন্তত ৮০ হাজার মানুষ মুখের ক্যানসারে আক্রান্ত হয়। ২০০২-০৩ সালে তামাকসংক্রান্ত রোগের চিকিত্সায় ৫০০ কোটি রুপি খরচ হয়। অথচ সরকার এ খাত থেকে মাত্র ১৪০ কোটি রুপি রাজস্ব আয় করে। স্মোকলেস টোব্যাকো ফেডারেশনের নির্বাহী পরিচালক সঞ্জয় বেচান বলেন, ‘চকলেট, বার্গার খাওয়া একধরনের আসক্তি। ওগুলোও খাবার। তাহলে কি সরকার এগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে?’ তিনি আরও বলেন, গুটকা প্রতিষ্ঠান এরই মধ্যে ক্ষতির মুখে পড়েছে।