গুডস হিলে নির্যাতনের বর্ণনা দিলেন সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. সলিমুল্লাহ (৬৮) আজ সোমবার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি একাত্তরে চট্টগ্রামে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিলে তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সলিমুল্লাহর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী জবানবন্দির একপর্যায়ে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও সাক্ষীর মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়।জবানবন্দিতে সলিমুল্লাহ বলেন, চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের অভয়মিত্রঘাট রোডে ‘মুসলিম প্রেস’ নামে তাঁদের একটি পারিবারিক ছাপাখানা ছিল। তিনি ছাপাখানাটি চালাতেন। সেখানে চার-পাঁচজন হিন্দু ছেলে ও কয়েকজন বয়স্ক ব্যক্তি কাজ করতেন। একাত্তরের ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে ছাপাখানার একজন কর্মচারী এসে জানান, তাঁদের দুজন কর্মচারীকে মারধর করা হচ্ছে। এ কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, খোকা (আসল নাম হামিদুল কবীর চৌধুরী, আলশামস বাহিনীর চট্টগ্রাম মহানগরের প্রধান), জাফর ওরফে মাহবুব ও সৈয়দ ওয়াহিদুল আলম তাঁদের বেদম মারছেন। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, কর্মচারীরা বিহারিদের ঘরে আগুন দিয়েছে। তিনি কর্মচারীদের ছেড়ে দিতে বিভিন্ন কথা বললেও তাঁরা ওই দুজনকে গুডস হিলে নিয়ে যান। উপায় না দেখে তিনিও গুডস হিলের দিকে হাঁটতে থাকেন। কিছুদূর যাওয়ার পর দেখেন, সেদিক থেকে দুটি গাড়ি আসছে। গাড়ি দুটি তাঁর সামনে এসে দাঁড়ায়। দ্বিতীয় গাড়িতে সিন্ধি পুলিশের ১৫-১৬ জন সেপাই ছিল। সামনের গাড়ি থেকে খোকা বেরিয়ে তাঁকে দেখালে দুজন সেপাই বগলদাবা করে তাঁকে গাড়িতে তোলে। তাঁর বন্ধু রুনুর বাড়িতে একজন বৃদ্ধ খলিফা (দর্জি) থাকতেন, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে গাড়িতে ওঠেন। তাঁর (সাক্ষী) মায়ের খালাতো ভাই মোখলেসুর রহমান চৌধুরী তাঁকে গাড়িতে ওঠানোর দৃশ্য হেডলাইটের আলোয় দেখেছিলেন।জবানবন্দিতে সলিমুল্লাহ বলেন, গাড়িটি গুডস হিলের গাড়িবারান্দায় গিয়ে দাঁড়ায়। সে সময় খোকা ও ওয়াহিদুল আলমের কথায় দুজন সিন্ধি পুলিশ পুঁতে রাখা বাঁশের সঙ্গে তাঁকে উল্টো করে ঝুলিয়ে দেয়। সিন্ধি পুলিশরা রাইফেলের বাঁট দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় মারে।এ পর্যায়ে আসামিপক্ষ, রাষ্ট্রপক্ষ ও সাক্ষীর মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। ট্রাইব্যুনাল আহসানুলকে বলেন, ‘সাক্ষ্য নিতে সমস্যা হচ্ছে। কারণ, হি ইজ নট অ্যান এক্সপার্ট উইটনেস।’ আহসানুল বলেন, ‘হি ইজ ভেরি এক্সপার্ট মাই লর্ড, আই নো হিম ভেরি ওয়েল...।’পরিস্থিতি শান্ত হলে সলিমুল্লাহ আবার জবানবন্দি শুরু করেন। তিনি বলেন, এরপর তাঁকে ওখান থেকে নামিয়ে গ্যারেজে আটকে রাখা হয়। তাঁর সঙ্গে ওই খলিফাকেও রাখা হয়। তিনি পাশের দু-তিনটি গ্যারেজ থেকে মানুষের গোঙানি শুনতে পান। পিপাসায় কাতর হয়ে তিনি একপর্যায়ে জ্ঞান হারান। ভোরবেলা তিনি রাইফেল ও পিস্তলের গুলির আওয়াজ পান। পরে সকাল আটটার দিকে খোকা এসে গ্যারেজের দরজা খুলে তাঁকে বের করেন এবং জড়িয়ে ধরে ক্ষমা চান। খোকার সঙ্গে তাঁর (সাক্ষীর) ভাগনে মো. ইসহাক ও বন্ধু শফিকুর রহমান ছিলেন। তিনি ছাড়া পান।সলিমুল্লাহ বলেন, তাঁর ওই দুই কর্মচারীর একজনের নাম দয়াল, আরেকজনের নাম সম্ভবত স্বপন। তাঁর ধারণা, ওই দুই কর্মচারী ও খলিফাকে হত্যা করে গুম করা হয়েছে। আসামিপক্ষ ‘ধারণা’ শব্দটির ব্যাপারে আপত্তি জানায়।সাক্ষী বলেন, একাত্তরে চট্টগ্রামে আলশামস, আলবদর ও রাজাকাররা দুটি শান্তি কমিটি গঠন করে। এর একটির প্রধান ছিলেন ফজলুল কাদের চৌধুরী এবং তাঁর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকটিতে ছিলেন মাহমুদুন নবী চৌধুরী।জবানবন্দি শেষে সাক্ষীকে একটি প্রশ্ন করে জেরা শুরু করেন আহসানুল হক। এরপর ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।