গুডস হিলে নিয়ে নির্যাতনের কথা শুনেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আসামিপক্ষের জেরা গতকাল রোববার শেষ হয়েছে। জেরায় তিনি বলেছেন, একাত্তরে কাউকে কাউকে গুডস হিলে নিয়ে নির্যাতন করা হয়েছে, এটা তিনি শুনেছেন, তবে নিজে দেখেননি।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনিসুজ্জামানকে গতকাল চতুর্থ দিনের মতো জেরা করেন আসামি-পক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতের সাবেক প্রধান বিচারপতি আজাদ্দিক জিং লি গতকাল ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয়। জেরায় এক প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, আদর্শগতভাবে তাঁর সঙ্গে সাকা চৌধুরীর মিল নেই। নূতন চন্দ্র সিংহের সঙ্গে সর্বশেষ কবে সাক্ষীর দেখা হয়—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ২ এপ্রিল কুণ্ডেশ্বরীতে তাঁর সঙ্গে নূতন চন্দ্র সিংহের সর্বশেষ দেখা হয়। তিনি তাঁদের (আনিসুজ্জামান ও তাঁর পরিবারকে) আশ্রয় দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিরাপত্তার কারণে তিনি কুণ্ডেশ্বরী ছেড়ে যাচ্ছেন। নূতন সিংহ তাঁকে বিদায় জানিয়ে বলেন, কুণ্ডেশ্বরী ছেড়ে তিনি কোথাও যাবেন না।নূতন সিংহ কুণ্ডেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানের আশঙ্কা করেছিলেন কি না—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, এটা তাঁর পক্ষে বলা সম্ভব নয়। কুণ্ডেশ্বরীর নিরাপত্তা নিয়ে কারও সঙ্গে কথা হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই বাড়িতে প্রফুল্ল রঞ্জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলাপ হয়েছিল। সত্যরঞ্জনের সঙ্গে কথা হয়েছিল কি না—এ প্রশ্নে তিনি ‘না’ সূচক জবাব দিলে আইনজীবী মন্তব্য করেন, সাক্ষী বারবার সত্যরঞ্জনকে এড়িয়ে যাচ্ছেন। পরে তিনি মত (সাজেশন) দেন, সাক্ষী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সাক্ষ্যে বারবার সত্যরঞ্জনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর বিরোধিতা করে আনিসুজ্জামান বলেন, ‘এটা সত্য নয়।’আইনজীবী জানতে চান, যেদিন নূতন চন্দ্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, সেদিন পাকিস্তানি সেনারা পার্শ্ববর্তী মুসলিমপাড়া ও বড়ুয়াপাড়ায় হামলা করেছিল, এটা সাক্ষী জানেন কি না। সাক্ষী ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে আইনজীবী কোনটি আগে ঘটেছে জানতে চান। জবাবে তিনি বলেন, কোনটি আগে ও কোনটি পরে হয়েছে তা তিনি ধারাবাহিকভাবে বলতে পারবেন না। বঙ্গবন্ধুর সঙ্গে ফজলুল কাদের চৌধুরীর ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল, এটা জানেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে আহসানুল বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি (ফজলুল কাদের) বঙ্গবন্ধুর পক্ষে ওকালতনামায় স্বাক্ষর করেছিলেন। সাক্ষী বলেন, এটা তাঁর জানা নেই।১৯৭২ সালে সত্যরঞ্জন তাঁর বাবাকে হত্যা ও ঘরবাড়ি লুটপাটের অভিযোগে দুটি মামলা করেছিলেন, এটা জানেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, এটা তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি সত্যরঞ্জন বা প্রফুল্ল রঞ্জনকে কিছু জিজ্ঞাসাও করেননি। নূতন চন্দ্র কীভাবে মারা গেলেন তা কুণ্ডেশ্বরীর পার্শ্ববর্তী মুসলিমপাড়া বা বডুয়াপাড়ায় জিজ্ঞাসা করেছিলেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী ‘না’ সূচক জবাব দেন।দেওয়ানজীপল্লী, জামাল খান, হাজারীপল্লী প্রভৃতি জায়গার নাম শুনেছেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে আনিসুজ্জামান শুনেছেন বলে জানান। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব জায়গা গুডস হিলের কাছে। জামাল খান এলাকার কথা জানেন না, তবে অন্য দুটি এলাকায় বসবাসকারীদের মধ্যে অমুসলিমদের সংখ্যাই বেশি। ওই তিনটি এলাকায় একাত্তরে কোনো অমুসলিম মারা গেছেন কি না, এ বিষয়ে তাঁর জানা নেই। পাকিস্তানি সেনাদের ভয়ে গুডস হিলে অধ্যাপক যোগেশ, রাজগড়িয়া পরিবার, আতাউর রহমান খান কায়সার, গুডস হিলের নিচে অবস্থিত ইউনাইটেড কেমিক্যালের মালিক নিরঞ্জন দে প্রমুখ আশ্রয় নিয়েছিলেন কি না, তা তাঁর জানা নেই।পরে আসামিপক্ষের আইনজীবী কয়েকটি মতামত দেন। একটিতে তিনি বলেন, সাক্ষী আসামির সঙ্গে আদর্শগতভাবে ভিন্নমত পোষণ করেন বলে তাঁর বিরুদ্ধে অসত্য সাক্ষ্য দিচ্ছেন। অপর একটিতে তিনি বলেন, সাক্ষীকে বর্তমান সরকার খুব পছন্দ করেন, এ জন্য বিরোধী দলকে ঘায়েল করতে আসামির বিরুদ্ধে আনা মিথ্যা মামলায় অসত্য সাক্ষ্য দিচ্ছেন। আরেকটি মতে আইনজীবী বলেন, নূতন সিংহের হত্যাকাণ্ড প্রসঙ্গে সাক্ষীর জবানবন্দিতে বলা ঘটনা সত্য নয়। সবকটি মতের বিরোধিতা করে আনিসুজ্জামান বলেন, এসব সত্য নয়।ট্রাইব্যুনালের বেঁধে দেওয়া এক ঘণ্টার পরিবর্তে গতকাল সাক্ষীকে দেড় ঘণ্টা জেরা করে আসামিপক্ষ। এ নিয়ে তাঁকে চার দিনে প্রায় নয় ঘণ্টা জেরা করে।রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।