গুণগত পরিবর্তনে সুশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমাজ-প্রশাসন-পদ্ধতিতে এখন প্রায় সবাই কোনো না কোনোভাবে একটি দুষ্ট চক্রে আটকে গেছে। ফলে যে যার অবস্থান থেকে এক ধরনের বন্দোবস্ত করে নিয়েছে।আর তাই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় গুণগত পরিবর্তন আনতে হলে একটি বৃহত্তর ও সুশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী লাগবে। মধ্যবিত্তদের ত্যাগ স্বীকারের ইচ্ছা থাকতে হবে। এ অভিমত ব্যক্ত করেছেন প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। পাশাপাশি তিনি গবেষণাকর্মকে সামাজিকভাবে মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।রাজনীতিবিদ ও জননেতাদের উদ্দেশে নুরুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, ‘আপনারা সত্যিই কী গবেষণা চান? চাইলে কি মূল্য দিতে রাজি আছেন?’গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো কার্যালয়ের সেমিনার কক্ষে এক প্রীতি আলোচনা সভায় নুরুল ইসলাম এসব কথা বলেন। সভায় দেশের কয়েকজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও নারীনেত্রী উপস্থিত ছিলেন। তাঁদের কয়েকজন কিছু বক্তব্য দেন এবং নুরুল ইসলামের কাছে প্রশ্ন উত্থাপন করেন। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনার সঞ্চালক ছিলেন সম্পাদক মতিউর রহমান। নুরুল ইসলাম বলেন, ‘ষাট-সত্তরের দশকের মতো অবস্থা এখন নেই। সে সময় মধ্যবিত্তরা বঞ্চিত ও হুমকি বোধ করেছিলাম। তাই পরিবর্তন চেয়েছিলাম, স্বাধীনতা চেয়েছিলাম। ৩০-৩৫ বছরে দুনিয়া অনেক বদলে গেছে। মধ্যবিত্ত আর আগের মতো বঞ্চিত বোধ করে না। তাই পরিবর্তনের তাগিদ নেই।’ তাঁর মতে, বিদ্যমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার বা প্রচণ্ড নাড়া দেওয়ার কোনো চেষ্টা নেই। তাই দুর্নীতি চললেও এটাকে মানিয়ে নেওয়া হয়। মধ্যবিত্ত সেই চাপ সৃষ্টির অবস্থায় নেই।প্রবীণ এই অর্থনীতিবিদ বাংলাদেশের গবেষণা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, সমাজ গবেষণাকে পাত্তা দেয় না। রাজনৈতিক নেতৃত্বও পাত্তা দেয় না। গবেষকেরা কনসালটেন্সি করেন বলে অভিযোগ করা হয়। কিন্তু তাঁদের সম্মান-স্বীকৃতি দেব না, টাকাও দেব না। তাহলে তাঁরা করবেন কী?নিজের অভিজ্ঞতা তুলে ধরে নুরুল ইসলাম বলেন, ‘আমি দেড় বছর ধরে গবেষণাপত্র লিখেছি। এখন দুই সপ্তাহে তা চাওয়া হয়। তাহলে গুণগত মানের জিনিস আসবে কী করে?’যাঁরা এসব সমালোচনা করেন, তাঁরাও কনসালটেন্সির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেন নুরুল ইসলাম। তিনি বলেন, ‘সুশীল সমাজের মানে কী? এটা কি এনজিও? গবেষণা সংস্থা? অনেকেই তো বলে থাকে, এরা সর্বোচ্চ সুুযোগসন্ধানী শ্রেণী।ইতিহাস-ঐতিহ্যের প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের বর্তমান দৃষ্টিভঙ্গিতে হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, তারা শিক্ষিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের অবস্থা জানে না। জানে কতগুলো গল্প। সময়ের অজুহাতে তারা পড়তে ও জানতে চায় না।নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোয় যুক্ত তরুণেরাও ইতিহাস পড়ে না। ঠিকমতো জানতে চায় না। শুধু নেতা-নেত্রীর বক্তব্য-বিবৃতি শোনে।নতুনভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন-প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। বলেন, দুই দশক আগের মতো করে ভাবলে চলবে না। অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনায় সমন্বয় আনতে হবে।আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সভাপতি কামাল হোসেন বলেন, ষাটের দশকে বাঙালি মধ্যবিত্তদের মধ্যে যে তাগিদ ছিল, এখন তা দেখা যাচ্ছে না। রাজনীতিবিদেরা একসময় মানুষের মুখে হাসি ফোটানোর কথা বলতেন, এখন আর সেভাবে বলেন না।অধ্যাপক আনিসুজ্জামান বলেন, স্বাধীন বাংলাদেশে যখন পরিকল্পনা কমিশন কাজ শুরু করেছিল, তখন অনেক কিছুরই ধারণা ছিল না। ফলে প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে। বাংলাদেশের সমাজে সৃষ্ট বৈষম্য থেকে উত্তরণের জন্য নুরুল ইসলামের উত্তরসূরিরা সক্রিয়ভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, আশা নিয়েই বাঁচতে হবে।বিনায়ক সেন বলেন, নুরুল ইসলাম রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার ঘাটতির দিকটি তুলে ধরেছেন।আলোচনায় আরও অংশ নেন এম সাইদুজ্জামান, মঈনুল ইসলাম, আবু আহমেদ, এম এম আকাশ, নূহ-উল আলম লেনিন, আসিফ নজরুল প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও এ এম এম শওকত আলী, ইনাম আহমেদ চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, সাজ্জাদ জহির, উত্তম কুমার দেব, সালমা খান, মালেকা বেগম প্রমুখ।প্রসঙ্গত, অধ্যাপক নুরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) রিসার্চ ফেলো ইমেরিটাস।