গুণীজনকথা
ভাষার ব্যবহার শিখবআনিসুজ্জামানসভাপতি, ভাষা প্রতিযোগ উপদেষ্টা পর্ষদআমরা ঘরে যে পোশাক পরে থাকি, বাইরে গেলে সেটি বদলে নিই। ঠিক তেমনি ঘরে আমরা যে যার আঞ্চলিক ভাষায় কথা বললেও বাইরে এসে বাংলা ভাষায় প্রমিত রূপটি ব্যবহার করব। তাই আমরা বাংলা ভাষার প্রমিত রূপটি যত্ন করে শিখব। ভাষার ব্যবহার শিখব। ভাষা বলার নানা রকম কৌশল শিখব। ভাষার মধ্যে যে একটি অসাধারণ রহস্য আছে, সেটি আমরা যত বুঝতে পারব, তত বেশি মজা পাব। ভাষা কেবল ব্যাকরণ জানা, বানান মুখস্থ করা নয়, তার চেয়েও বেশি কিছু।ভাষার বহুমাত্রিক ব্যবহাররাশেদা কে চৌধূরীসাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাবাংলা ভাষাকে ভালোভাবে শিখতে হবে। ছোটবেলা থেকেই শুদ্ধরূপে এ ভাষা বলা ও লেখার চর্চা করতে হবে। ভবিষ্যতে বড় মাপের মানুষ হতে হলে তোমাদের এখন থেকেই বাংলা ভাষাকে ভালোবাসতে হবে। আমরা আমাদের ভাষাকে ভালোবাসব, দেশকে নিয়ে গর্ব করব। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখব। বহু বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয় করেছিলেন। আবার একজন রবীন্দ্রনাথ আমরা চাই তোমাদের মধ্য থেকে। সেটি ভাষার জন্য, মায়ের জন্য, দেশের জন্য। তাহলেই আমাদের সব আয়োজন সার্থক হবে।ভাষার বহুমাত্রিক ব্যবহারসৈয়দ মনজুরুল ইসলামঅধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ভাষার বহুমাত্রিক ব্যবহার রয়েছে। বাড়িতে আমরা এক রকম কথা বলি, বন্ধুদের সঙ্গে আরেক রকম কথা বলি, মঞ্চে দাঁড়িয়ে অন্যভাবে কথা বলি, দর্শন, বিজ্ঞান নিয়ে আবার অন্য একটি সুন্দর ভাষায় কথা বলি। ভাষার এই সব কটি রূপ তাই জানতে হবে। একসঙ্গে ব্যবহার করতে হবে। যে পারবে না, সে কিন্তু অথর্ব। আমরা বাংলা ভাষাকে সুন্দরভাবে শিখব, চর্চা করব। যে বাংলা ভাষা খুব ভালো জানে, সে ইংরেজি-আরবি অন্যান্য ভাষাও ভালো জানবে।দেশপ্রেম বৃদ্ধি পাবেমঞ্জু আরা বেগমঅধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজভাষার প্রতি মমত্ববোধ বৃদ্ধি এবং শুদ্ধরূপে ভাষা শেখা, বলা ও লেখার জন্য ভাষা প্রতিযোগের এ আয়োজন। বাংলা যদিও আমাদের মাতৃভাষা, এ ভাষাকে আরও সুন্দরভাবে বলা, লেখা, শেখার চর্চা করতে হবে।মাতৃভাষাকে শুদ্ধরূপে শেখার সঙ্গে সঙ্গে দেশপ্রেম বৃদ্ধি পাবে। দেশের প্রতি তোমাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই শিখবে এবং সচেতন হবে।বাংলা ভাষার শক্তি বাংলাদেশমাহবুবুল হকঅধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বাংলা ভাষার শক্তিতে আমরা একদিন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশে বাংলা ভাষা এক নতুন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে কেউ কেউ বাংলা-ইংরেজি মিশিয়ে একধরনের জগাখিচুড়ি ভাষা ব্যবহার করছে। যেখানে সুন্দর বাংলা শব্দ রয়েছে, সেখানে অহেতুক ইংরেজিকে জোর করে টেনে নিচ্ছে। এটি ঠিক নয়। বিশ্বায়নের যুগে আমাদের ইংরেজি শিখতে হবে। তবে বাংলা ভাষাকে বাদ দিয়ে নয়। তোমাদের মধ্যে আমি বাংলাদেশের হূদয় দেখতে পাচ্ছি, বাংলা ভাষার প্রাণ দেখতে পাচ্ছি, বিশ্বমানবতাকে খুঁজে পাচ্ছি। তোমাদের জয় হোক।বাংলা একটি অসাধারণ ভাষামহাম্মদ দানীউল হকঅধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাংলা ভাষার অনেক রূপ আছে। আঞ্চলিক রূপও আছে। কিন্তু তার পরও বাংলা ভাষাটি একটি অদ্ভুত ও অসাধারণ ভাষা। তার প্রমাণ আজ আমরা পেয়েছি।ভাষা শেখার ও ব্যবহারের একটি উৎকৃষ্ট উপায় হলো অভিনয় করা। তোমরা যদি ভালো অভিনেতা হতে পারো, ভাষাকে যদি অভিনয়ের বিষয় হিসেবে নিতে পারো, তাহলে তোমরা সুন্দর ও শুদ্ধভাবে ভাষাচর্চায় সফলতা অর্জন করবে।বাংলা ভাষার বৈচিত্র্যভীষ্মদেব চৌধুরীঅধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়লেখার অভ্যাস আমাদের দিন দিন কমে যাচ্ছে। আমরা পরীক্ষার খাতা ছাড়া এখন আর লেখি না। বাজারের ফর্দ, চিঠি কোনো কিছুই হাতে লিখি না। লেখার জন্য দিন দিন যন্ত্রনির্ভর হয়ে যাচ্ছি। ছোট্ট বন্ধুরা, তোমরা পড়ার পাশাপাশি লেখার অভ্যাস করবে। আমরা আমাদের স্বপ্নের কথা, দুঃখের কথা, ইচ্ছার কথা নিজের মতো করে যদি লিখে রাখি, পরে এটিই আমাদের জন্য আনন্দের বিষয় হবে। প্রমিত বাংলা ভাষায় লেখার পাশাপাশি আমরা আমাদের মজার মজার আঞ্চলিক শব্দগুলোকেও বাঁচিয়ে রাখব। কারণ, এগুলোও বাংলা ভাষার বৈচিত্র্য।সবাই নিজের ভাষাকে ভালোবাসেসৌরভ সিকদারঅধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আমরা বাংলা ভাষাকে যেমন ভালোবাসি, তেমনি সবাই তার নিজের ভাষাকে ভালোবাসে। বাংলা ভাষা নিয়ে আজ সারা পৃথিবীর মানুষ কাজ করছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বের দেশে দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এর মাধ্যমে বাংলা ভাষা বিশ্বে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে। ভাষা গবেষকেরা বাংলা ভাষাকে নিয়ে নানা রকম গবেষণা করছেন। আমাদেরও উচিত মাতৃভাষাকে ভালোবাসা এবং এর শুদ্ধ প্রয়োগ করা।