গুদাম খালি করতে গিয়ে চালের বাজারে বিপত্তি
আমদানি করা চাল-গম গুদামজাত করা নিয়ে বিপাকে পড়েছে সরকার। খাদ্যগুদামে জায়গা না থাকায় খাদ্য বিভাগ এ বছর আর নতুন করে খাদ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানি হওয়া খাদ্য গুদামজাত করতে পারছে না তারা। তাই খাদ্যগুদাম খালি করতে খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও ফেয়ার প্রাইসের মাধ্যমে চাল বিক্রি ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে ধান-চালের বাজারে বিপত্তি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।ব্র্যাকের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মতে, সরকারি গুদামে আর জায়গা না থাকায় নতুন করে চাল কিনে তা গুদামজাত করা যাচ্ছে না। এটা একটা বাস্তবতা। কিন্তু গুদামে থাকা চাল ওএমএস ও ফেয়ার প্রাইস কর্মসূচির মাধ্যমে বাজারে ছাড়া হয়, তবে চালের দাম আরও কমে যাবে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যগুদামের ধারণক্ষমতা ১৫ লাখ ৫০ হাজার টন চাল। গুদামের বর্তমান মজুদ ১৫ লাখ ৪০ হাজার টন। চট্টগ্রাম বন্দরে ২৯ হাজার ৮৭৮ মেট্রিক টন গম ও ২৫ হাজার টন চাল খালাসের অপেক্ষায় আছে। আমদানির অপেক্ষায় আছে আরও এক লাখ টন চাল ও দুই লাখ ১০ হাজার গম। এই খাদ্য কোথায় রাখা হবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি খাদ্য বিভাগ। আগামী এক মাসের মধ্যে এক লাখ ৭৯ হাজার টন চাল-গম বিতরণ ও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একযোগে ওএমএস, ফেয়ার প্রাইস কার্ড, ভিজিএফসহ বেশির ভাগ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। চালের দাম কমায় দেশের হাটগুলোতে ধানের দামও কমতে শুরু করেছে। গত এক মাসে প্রতি মণ ধানের দাম ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরে শুধু খোলাবাজারেই পাঁচ লাখ ৬৮ হাজার টন চাল ও দুই লাখ ৬০ হাজার টন আটা বিক্রি করা হবে। প্রতি কেজি গম ২৪ টাকা ও আটা ২০ টাকা করে বিক্রি করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে উপজেলা পর্যায়ে ওএমএস ও ফেয়ার প্রাইস কার্ড কার্যক্রম বিস্তৃত করা হবে। আমনের আগে এভাবে চালের দর বেশি কমে গেলে কৃষক ধান বিক্রি করে লোকসানে পড়তে পারেন উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, সরকারের উচিত ছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কর্মসৃজন কর্মসূচি, একটি বাড়ি একটি খামার ধরনের প্রকল্পগুলোর মাধ্যমে চাল বিতরণ করা। এতে বাজারের ওপর প্রভাব পড়বে না। আইলা ও সিডরে বিধ্বস্ত এলাকায় বেড়িবাঁধ মেরামত করা, বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও ভাঙা সড়কগুলো মেরামতের ক্ষেত্রেও সরকারি গুদামে থাকা চাল ব্যবহার করা যেতে পারে। নওগাঁ চালকল মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম কাজল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বোরো-আউশে ভালো ফলন এবং ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় বাজারে চালের দাম কমছে। এর মধ্যে সরকার যদি বাজারে চাল ছাড়া শুরু করে, তাহলে দাম আরও কমে যাবে। এতে যেসব চালকল বেশি দামে ধান কিনেছে, তারা লোকসানে পড়বে।