গুন্টার গ্রাসের ওপর খেপেছে ইসরায়েল
ইসরায়েলি ইহুদিবাদের কঠোর সমালোচনাপূর্ণ ‘যে কথা বলতেই হবে’ শিরোনামে কবিতা প্রকাশ করে ইহুদিদের তীব্র বাক-আক্রমণের শিকার হলেন নোবেলজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস। তবে ওই কবিতা নিয়ে সংবাদমাধ্যমের অব্যাহত সমালোচনার প্রতিবাদ করেছেন জার্মানির জীবিত লেখকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান মুক্তবুদ্ধির লেখক ৮৪ বছর বয়সী গুন্টার গ্রাস।ইহুদিবাদের সমালোচনা করায় গুন্টার গ্রাসের ওপর খেপেছে ইসরায়েল। তাঁর ইসরায়েল সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলী মন্ত্রিসভা। ইসরায়েলের ধর্মীয় কট্টরপন্থী সাইস পার্টির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইসাই এই জার্মান কবিকে একজন ‘ইহুদি বিদ্বেষী’ বর্ণনা করে ইসরায়েলের মতো পবিত্র ভূমিতে তাঁর ঢোকার অধিকার নেই বলে ঘোষণা দিয়েছেন। অবশ্য বিখ্যাত ইসরায়েলি ঐতিহাসিক টম সেভেক সরকারের এমন সিদ্ধান্তকে ‘অবিবেচক’ বলেছেন। জার্মান সাপ্তাহিক ডের স্পিগেলকে তিনি বলেছেন, ‘ইসরায়েলের রাজনীতি ইরানের মতোই।’ তাঁর এই মন্তব্যের জবাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুডো ভেস্টারভেলে বলেছেন, ‘ইসরায়েল ও ইরানের রাজনীতির তুলনা করা ঠিক হয়নি।’বিশিষ্ট ব্যক্তিদের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারির ঘটনা এটাই প্রথম নয়। প্রায় দুই বছর আগে লেখক নোয়াম চমোস্কিকে ইসরায়েলে প্রবেশে বাধা দিয়ে জর্ডান-ইসরাইল সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়। ২০১০ সালে শান্তিতে নোবেলজয়ী আইরিশ মানবাধিকার নেত্রী মাইরেড মাগুয়েরের ইসরাইল প্রবেশেও বাধা দেওয়া হয়।সম্প্রতি ইরানের পারমাণবিক শক্তির অধিকার প্রশ্নে ইসরাইলসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের যে রাজনৈতিক টানাপোড়েন চলেছে সেটাকে উপজীব্য করেই গুন্টার গ্রাস ‘যে কথা বলতে হবে’ শিরোনামে কবিতা লেখেন। এরপর থেকেই এ লেখকের সমালোচনা চলছে জার্মানিসহ ইউরোপ ও মার্কিন সংবাদমাধ্যমে।জার্মান টেলিভিশনের তিনটি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে গুন্টার গ্রাস বলেছেন, ‘কবিতাটির প্রচণ্ড সমালোচনা হবে জেনেই তিনি তা লিখেছেন। আর এই বিষয় নিয়ে বিতর্ক করার এখনই সময়, আমাদের এই বিষয়ে এখনই মুখ খুলতে হবে।’ তিনি সংবাদমাধ্যমের একপেশে আচরণের নিন্দা জানিয়ে বলেছেন, ‘কবিতাটির মূল বিষয়ে না গিয়ে সংবাদমাধ্যম একই সুরে কথা বলছে। ইসরায়েল যে বহুদিন থেকে পারমাণবিক শক্তিধর দেশ এবং অনেক আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা করছে না, দৃশ্যত সেই অনালোচিত বিষয় আমি বলতে চেয়েছি।’নিজের দেশ জার্মানির সমালোচনা করে গুন্টার গ্রাস বলেছেন, ‘যে জাতির কাঁধে দুই দুটি বিশ্বযুদ্ধের দায়ভারের বোঝা, যুদ্ধের জন্যে ইসরাইলের কাছে ডুবোজাহাজ বিক্রয় করা তাদের উচিত নয়।’ তাঁকে অকারণে ইহুদি বিদ্বেষী বা ইসরাইল বিরোধী বলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের প্রকৃত বন্ধু হিসেবে সে দেশটির আচরণে কষ্ট পাচ্ছেন।’ তাঁর কবিতাটির সঙ্গে একমত পোষণ করে অনেকেই ই-মেইল পাঠিয়েছেন বলে তিনি জানান।