গুপ্তহত্যা গুপ্তই রইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিবি’ পরিচয়ে রাজধানীর দয়াগঞ্জ থেকে তিন তরুণকে অপহরণের পর গুপ্তহত্যার ঘটনার সঙ্গে ডিবি জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য কোনো বাহিনী এ ঘটনা ঘটিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।নিহত তিন তরুণের পরিবারের দাবি, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। এ কারণে খুনের মামলাগুলোর তদন্তে তাদের কোনো আন্তরিকতা দেখা যাচ্ছে না। পরিবারগুলো বলছে, যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তা খুঁজে বের করাও তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোরই কর্তব্য।গত ৩১ জুলাই গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেওয়া অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা দয়াগঞ্জ বাজার এলাকা থেকে ধরে নিয়ে যায় জুয়েল সরদার, রাজীব সরদার ও মিজানুর হোসেন নামের তিন তরুণকে। এর পাঁচ দিন পর গাজীপুরের পুবাইলে পাওয়া যায় জুয়েল ও মিজানের লাশ। রাজীবের লাশ মেলে ঢাকা-মাওয়া সড়কের পাশে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলীতে। তিন তরুণকে ধরে নিয়ে যাওয়ার পর গেন্ডারিয়া ও যাত্রাবাড়ী থানায় জিডি করা হয়েছিল। তাঁদের লাশ উদ্ধার হওয়ার পর জয়দেবপুর ও সিরাজদিখান থানায় দুটি হত্যা মামলাও হয়। মামলাগুলোর তদন্ত চলছে।ডিবি জড়িত নয়: পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক বলেন, তিন তরুণের অন্তর্ধানের বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি ও গেন্ডারিয়া থানায় দুটি জিডি করেছিলেন স্বজনেরা। এরপর পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়। পরিবারের বক্তব্যের সূত্র ধরে দয়াগঞ্জ এলাকার লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে জানা গেছে, ডিবির পরিচয় ব্যবহার করে ওই তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে ডিবি তাঁদের ধরেনি। তিনি বলেন, ‘অন্য কোনো বাহিনী তাঁদের ধরে হত্যা করেছে কি না, সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। যেহেতু ডিবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তদন্তের ফোকাসটাও ছিল এই বিষয়কেন্দ্রিক। তা ছাড়া আজকাল অনেকেই তো সাদা পোশাকে ঘুরে।’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিবির সদস্যরা এ ঘটনা ঘটাননি। যেহেতু ডিবির নাম নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে, তাই এখন যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর মধ্যে ডিবির কর্মকর্তারা নিহতদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের কাছে তদন্তে সাহায্যের জন্য অনুরোধ জানিয়ে এসেছেন।তদন্তসংশ্লিষ্ট আরেক পুলিশ কর্মকর্তা জানান, ওই তিনজনকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ধরে নিয়ে গেছে, এমন তথ্যপ্রমাণও পায়নি পুলিশ।তিন তরুণের লাশ উদ্ধারের পর গাজীপুর থানা ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় দুটি হত্যা মামলা হয়। একটির তদন্ত কর্মকর্তা গাজীপুর থানার উপপরিদর্শক আবদুল করিম প্রথম আলোকে বলেন, তদন্তে জানা গেছে, ৩১ জুলাই সকাল নয়টার দিকে তাঁদের তিনজনকে দয়াগঞ্জ চৌরাস্তা থেকে ধরে নেওয়া হয়েছিল। পরে আর খোঁজ মেলেনি। এরপর নাগদা ব্রিজের ওখান থেকে দুজনের লাশ পায় পুলিশ। দুজনেরই শরীরে গুলির চিহ্ন ছিল। নতুন গামছা দিয়ে হাত-পা বাঁধা ছিল। মুখে গামছা ঢোকানো ছিল।সিরাজদিখান থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘দয়াগঞ্জের লোক কেউই সাক্ষ্য দিতে চাইছে না। তাই আমরা তদন্ত এগিয়ে নিতে পারছি না।’হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজীবের মোবাইল ফোন থেকে ফোন করে ডেকে নেওয়া হয় মিজানকে। মিজানের বাবা ফারুক হোসেনও বলেছেন, রাজীবের ফোন আসার পরই মিজান বাসা থেকে তাঁর সঙ্গে দেখা করতে বের হয়েছিল।তদন্তে আন্তরিকতা নেই: পুলিশ তদন্তে আন্তরিকতার কথা বললেও নিহতদের পরিবারগুলো উল্টো অভিযোগ করছে। নিহত মিজানের বাবা ফারুক হোসেন বলেন, পুলিশ কোনো তথ্যই জানাতে পারছে না। যাত্রাবাড়ী থানা থেকে একবার পুলিশ এসে নাম-পরিচয়সহ কিছু তথ্য নিয়ে গেছে। এরপর আর কোনো তথ্য জানা যায়নি।ফারুক হোসেন বলেন, ওই তিনজনের সঙ্গে রাজন নামের স্থানীয় আরেক তরুণ ছিলেন। তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে স্থানীয় লোকজন জানান। তবে ঘটনার পর থেকে রাজনকে আর কেউ দেখেননি। মাকে নিয়ে রাজন যে বাড়িতে থাকতেন, সেই বাড়িটিও তাঁরা ছেড়ে দিয়েছেন। রাজনের মাও রাতারাতি উধাও।প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, রাজন ওরফে রাজু নামের ২৩-২৪ বছরের এই তরুণ ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে এলাকায় পরিচিত। মাসহ বস্তির একটি টংঘর ভাড়া করে থাকতেন তিনি। ঘটনার পর কয়েক দিন তাঁর মা ওই ঘরে ছিলেন। এরপর তিনিও উধাও।নিহত রাজীবের ভাই রনি সরদার বলেন, ঈদের চার দিন আগে তাঁদের বাড়িতে ডিবির কয়েকজন কর্মকর্তা এসেছিলেন। তাঁরা এ ঘটনায় জড়িত নন বলে দাবি করেন। রনি বলেন, ‘তহন আমরা কইছি, আপনারা না মারেন, সরকারের আরও তো সংস্থা রইছে। তারা মারতে পারে। এহন আপনারা তাইলে খুঁইজা বাইর কইরা দেন, কারা মারল।’জুয়েলের বাবা সালাম সরদার বলেন, কোনো সন্ত্রাসী বাহিনী মারলে আশপাশেই লাশ ফেলত। এভাবে একটা গাজীপুর আর একটা মুন্সিগঞ্জে নিয়ে ফেলে আসা কেবল কোনো সুসংগঠিত বাহিনীর পক্ষেই সম্ভব।যেখানে লাশ পাওয়া যায়: রাজধানীর অদূরে গাজীপুরের পুবাইলে ঢাকা-বাইপাস সড়কের নাগদা সেতুর ঢালে পাওয়া যায় জুয়েল ও মিজানের লাশ। নাগদা সেতুর দুই পাড়ে অন্তত তিন কিলোমিটার জায়গা একেবারে নির্জন। চারদিকে ফাঁকা জায়গা আর জলাভূমি। নাগদা সেতুর পাশেই নারায়ণকুল গ্রাম। এখানকার বাসিন্দা শংকর মণ্ডল বলেন, সেতুর পাশে বাঁধের ঢালের ওপর লাশ দুটি পড়ে ছিল। রাস্তা থেকে চার-পাঁচ হাত নিচে একটি লাশ উপুড় হয়ে আরেকটি কাত হয়ে পড়ে ছিল।কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ফলে তখন দুই তরুণকে নাগদা সেতুর পাড়ে এনে গুলি করে মারলেও গ্রামবাসীর শুনতে পাওয়ার কথা নয়।রাজীবের লাশ পাওয়া যায় ঢাকা-মাওয়া সড়কের পাশে নিমতলী এলাকায়। ওই সড়ক ধরে ১০ কিলোমিটার যাওয়ার পরই রাস্তার পশ্চিম পাশে নির্জন জায়গায় তাঁর লাশ ফেলা হয়। তাঁর মাথায় গুলি ছিল। হাত-পা বাঁধা ছিল গামছা দিয়ে।যেখানে লাশটি পাওয়া গেছে, এর এক কিলোমিটার সামনেই নিমতলী বাজার। আর দুই কিলোমিটার পেছনে ধলেশ্বরী সেতু (কুইচামোড়া ঘাট)।নিমতলী বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রাতে তাঁরাও কোনো গুলির শব্দ শোনেননি। বৃষ্টির কারণে গুলি হলেও শব্দ শোনা যাওয়ার কথা নয়। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটারের মধ্যে শুধু একটি পেট্রলপাম্প রয়েছে। সেই পাম্পেরও কেউ গুলির শব্দ শোনেনি।