গুপ্তহত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু যুদ্ধাপরাধীদের রক্ষাই নয়, দেশকে অস্থিতিশীল করতে হত্যা, গুপ্তহত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত জোট। তিনি বলেন, নিজেরা হত্যা করে উল্টো জনগণকে বিভ্রান্ত করতে কুম্ভীরাশ্রু বর্ষণ করাই হচ্ছে বিএনপির চরিত্র।আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় যুদ্ধাপরাধীদের যারা রক্ষা করতে চায়, তাদের বিচারের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যখন শান্তিতে আছে, তখন চরম অশান্তিতে জ্বলছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তাঁর হূদয়ের অশান্তির আগুনে গোটা দেশকে ছারখার করে দিতে চান।যশোরে বিএনপির নেতা নাজমুল ইসলামের মৃত্যু নিয়ে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যশোরে বিএনপির এক নেতা রয়েছেন তিনি রাতে সর্বহারা, দিনে বিএনপি নেতা। জনকণ্ঠের সাংবাদিক শামসুর রহমান ও দৈনিক রানার সম্পাদক মাহবুবুল ইসলাম মুকুল হত্যা এবং উদীচীর অনুষ্ঠানে বোমা হামলাসহ সবকিছুতেই ওই নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যশোরে ওই বিএনপি নেতা যতদিন থাকবেন, খুন আরও যে কত হবে, তা জানি না। নিজেরা হত্যা করে আবার নিজেরা অশ্রু ঝরিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে বিএনপির চরিত্র।’সভাপতির বক্তব্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘বিরোধীদলীয় নেতার খালেদা জিয়া যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামীদের পক্ষ নিয়ে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের কেউ নন। যড়যন্ত্র বাস্তবায়ন করতে না পেরে তারা এখন গুপ্তহত্যায় নেমেছে।’নূহ-উল আলম লেনিন ও অসীম কুমার উকিলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা রওশন জাহান, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আলোচনা সভাটি তথ্যপ্রযুক্তির প্রয়োগে সারা বিশ্বে প্রচার করা হয়।