গুপ্তহত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু যুদ্ধাপরাধীদের রক্ষাই নয়, দেশকে অস্থিতিশীল করতে হত্যা, গুপ্তহত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি-জামায়াত জোট। তিনি বলেন, নিজেরা হত্যা করে উল্টো জনগণকে বিভ্রান্ত করতে কুম্ভীরাশ্রু বর্ষণ করাই হচ্ছে বিএনপির চরিত্র।গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখহাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় যুদ্ধাপরাধীদের যারা রক্ষা করতে চায়, তাদের বিচারের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যখন শান্তিতে আছে, তখন চরম অশান্তিতে জ্বলছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তাঁর হূদয়ের অশান্তির আগুনে গোটা দেশকে ছারখার করে দিতে চান। যশোরে বিএনপির নেতা নাজমুল ইসলামের মৃত্যু নিয়ে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যশোরে বিএনপির একজন নেতা রয়েছেন। তিনি রাতে সর্বহারা, দিনে বিএনপির নেতা। জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক শামসুর রহমান ও রানার সম্পাদক মাহবুবুল ইসলাম মুকুল হত্যা এবং উদীচীর অনুষ্ঠানে বোমা হামলাসহ সবকিছুতেই ওই নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যশোরে ওই বিএনপি নেতা যত দিন থাকবেন, খুন আরও যে কত হবে, তা জানি না। নিজেরা হত্যা করে আবার নিজেরা অশ্রু ঝরিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে বিএনপির চরিত্র।’ সভাপতির বক্তব্যে সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামীদের পক্ষ নিয়ে প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের কেউ নন। ষড়যন্ত্র বাস্তবায়িত করতে না পেরে তাঁরা এখন গুপ্তহত্যায় নেমেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়া পায়ে পড়ে ঝগড়া করতে চান। সংঘাত সৃষ্টি করতে চান। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলেন।মাহবুব উল আলম হানিফ কথিত গুপ্তহত্যার প্রকৃত রহস্য তদন্তের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিএনপির নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই যশোরের বিএনপির নেতা নাজমুল হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন। নূহ-উল-আলম লেনিন ও অসীম কুমার উকিলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা রওশন জাহান, এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আলোচনা সভা তথ্যপ্রযুক্তির প্রয়োগে সারা বিশ্বে প্রচার করা হয়।