মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বৈষম্য প্রধান সমস্যা
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, দুর্বল কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার রক্ষা না হওয়াকে প্রধান সমস্যা বলে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ২০১২ সালের মানবাধিকার প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি করা এই বার্ষিক প্রতিবেদন গত শুক্রবার প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়, সন্দেহভাজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অপহরণের ঘটনা বেড়েই চলেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, এসব ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত। এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী, আদিবাসী সম্প্রদায় ও নারীরা সমান অধিকার পাচ্ছে না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হচ্ছে। শ্রমিকেরা নিজেদের সংগঠন করার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং অনিরাপদ পরিবেশে কাজ করছেন। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে গত বছরের ২৪ নভেম্বর একটি কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনা উল্লেখ করা হয়।প্রতিবেদনে অযৌক্তিক গ্রেপ্তার, আটকে রাখা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা বন্দীর মৃত্যুকেও মানবাধিকারের ক্ষেত্রে সমস্যা বলে চিহ্নিত করা হয়। বলা হয়, কর্তৃপক্ষ নাগরিক অধিকার ক্ষুণ্ন করছে। মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা সীমিত করেছে সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সহিংসতা সৃষ্টি ও কর্মকর্তাদের দুর্নীতি মানবাধিকার ক্ষুণ্ন করছে। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) তাদের কার্যক্রম চালাতে গিয়ে আইনি ও অনানুষ্ঠানিক বাধার মুখোমুখি হচ্ছে। বন্ধ হয়নি শিশুশ্রম। অর্থনৈতিক প্রয়োজনে কাজ করতে বাধ্য হচ্ছে শিশুরা। প্রতিবন্ধীরা বৈষম্যের শিকার হচ্ছে। বিদ্যালয়ে ভর্তির সময় বাধার মুখে পড়ছে প্রতিবন্ধী শিশুরা। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরা সামাজিক সহিংসতার শিকার হচ্ছে। সরকার ও সুশীল সমাজের নেতারা অবশ্য দাবি করছেন, সংখ্যালঘুদের ওপর হামলা রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে বলা হয়, গত বছরের মতো এবারও সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগগুলো তদন্তে কোনো ব্যবস্থা নেয়নি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে ২০১১ সালে অভ্যন্তরীণ তদন্ত সেল গঠন করে সরকার। কিন্তু ওই সেলের কোনো প্রতিবেদন গত বছরও প্রকাশ করা হয়নি। গণমাধ্যম এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, গত বছর ৭০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের এপ্রিলে খুন হন শ্রমিকনেতা আমিনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) ও পোশাক প্রস্তুতকারীদের দ্বন্দ্বে তিনি খুন হন। তাঁর খুনের সন্দেহভাজন কয়েকটি কারণের মধ্যে এটিও একটি।প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের বরাত দিয়ে উল্লেখ করা হয়, গত বছর ২৪ জন গুম হয়েছেন। র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গুম-অপহরণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত বছরের ১৩ জুন সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নজরুল ইসলামকে আটক করে র্যাব-১২। তাঁর খোঁজ না পেয়ে তাঁর স্ত্রী র্যাবের কার্যালয় ও থানায় গিয়ে অভিযোগ করেন। কিন্তু আজও নজরুলের কোনো খবর পায়নি পরিবার।প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের কথাও উল্লেখ করা হয়। অধিকারের বরাত দিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্তত ৭২ জনকে নির্যাতন করেন। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়। এর জন্য দায়ী ব্যক্তিদের কদাচিৎ বিচারের মুখোমুখি করা হয়।অপর্যাপ্ত সুবিধা এবং ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রাখার কারণে বাংলাদেশের কারাগারগুলো বন্দীদের জীবনের জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বন্দী মৃত্যুর এটিও একটি কারণ। ৩৩ হাজার ৫৭০ জন ধারণক্ষমতার কারাগারে রাখা হয়েছে অন্তত ৬৮ হাজার ৭০০ বন্দী। গত বছর কারাগারে ৫৮ জনের মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়, সংবিধানে কাউকে অযৌক্তিকভাবে গ্রেপ্তার ও আটক রাখতে নিষেধ করা হয়েছে। কিন্তু সেটা বন্ধ হয়নি। বিরোধী দলের হরতালের সময় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সমালোচনা করেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা। প্রতিবেদনে আরও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে সরকার। কিছু সাংবাদিক হয়রানির ভয়ে সরকারের সমালোচনা না করে সেলফ সেন্সরশিপ করছেন। ইন্টারনেটের মাধ্যমে অনেকে মত প্রকাশ করে থাকেন। কিন্তু মহানবী (সা.)-এর অবমাননার অভিযোগে এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বিরুদ্ধে লেখার কারণে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের কয়েকটি পৃষ্ঠা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৭ সেপ্টেম্বর দেশটিতে ইউটিউব বন্ধ করে দেয় সরকার।মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের উদ্বেগ: জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল রোববার বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘এই যে হত্যার কথা বলা হচ্ছে, তা যেকোনো রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতেই পারে। কারণ, এই ধরনের অপরাধপ্রবণতা যখন বেড়ে যায়, তখন তাতে বোঝা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমি সব সময় বলেছি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি মানবাধিকারের জন্য হুমকি সৃষ্টি করে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এলে আমরা এ বিষয়ে তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাই। আমাদের কাছে বিচারবহির্ভূত হত্যা, আটকাবস্থায় নির্যাতনের যেসব অভিযোগ আসছে, সেগুলো যদি সরকার প্রমাণ করে দিতে পারত যে এসব অভিযোগ সত্য নয়। তখন কিন্তু আমরা বলতে পারতাম, এসব অভিযোগ সত্য নয়।’ মিজানুর রহমান বলেন, বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট পক্ষের আশ্বাসের পরও অস্বাভাবিক মৃত্যুর সুরাহা হচ্ছে না। সব ধরনের অস্বাভাবিক মৃত্যুর উত্তর পাওয়া গেলে একটা আদর্শিক জায়গায় পৌঁছানো যেত। তাই এ নিয়ে নাগরিকদের মাঝে হতাশা রয়েছে।