গুম ও বিচারবহির্ভূত হত্যা বাড়ছে
বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকার অনেকটা পিছিয়ে আছে। বিশেষত, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে। সর্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ পদ্ধতিতে (ইউপিআর) জাতিসংঘে জমা দেওয়া হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ সাংবাদিকদের সামনে ওই প্রতিবেদন তুলে ধরে। বাংলাদেশের ১৯টি মানবাধিকার সংগঠনের সমন্বয়কারী প্রতিষ্ঠান হলো এই ফোরাম। ফোরাম জানায়, মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তাদের প্রতিবেদনে ২০০৯-১২ সময়ের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলোর (খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার অধিকার) ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থায় কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। তবে এসব ক্ষেত্রে আরও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইফতেখারুজ্জামান, সারা হোসেন ও নাগরিক উদ্যোগের জাকির হোসেন। জাতিসংঘ প্রতি চার বছর পর তার সদস্যরাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করে। এরই অংশ হিসেবে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। আগামী বছরের মে মাসে জেনেভায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করা হবে।