সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-গুপ্তহত্যা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ
গুম ও গুপ্তহত্যা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আজ বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।এর আগে ১৪ ফেব্রুয়ারি বিএনপির সাংসদ এম মাহবুবউদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আইনের পরিভাষায় গুম বলে কোনো শব্দ নেই। তবে দণ্ড বিধিতে অপহরণ কথাটি রয়েছে।’বিএনপির দলীয় সাংসদ নজরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর পরও যদি কোথাও অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে যায়, সে বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার নিহতের পরিবার ন্যায়বিচার পাবে কি না, নজরুল ইসলামের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো নিহত ব্যক্তির পরিবার আইনের আওতায় প্রতিকার চাইতে পারেন।সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, ঢাকার অদূরে রাসায়নিক পল্লী গড়ে তোলার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছে।তহুরা আলীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার ২০১০-১১ অর্থবছরে র্যাবের কার্যক্রম পরিচালনার বাবদ তিন কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় করেছে। ভবিষ্যতে র্যাবের সদর দপ্তরের জন্য নিজস্ব ভবন স্থাপনের চিন্তা-ভাবনা আছে।শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার এ পর্যন্ত সাত হাজার ৩২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে খালেদা জিয়া, তারেক জিয়া এবং মওদুদ আহমদের মামলাও রয়েছে।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সঙ্গে সমন্বয় করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চুক্তিতে ৭২টি ধারা আছে। এর মধ্যে এ পর্যন্ত ৪৮টি ধারা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে। বাকি ২৪টি ধারার মধ্যে ১৫টির আংশিক বাস্তবায়ন হয়েছে। নয়টি ধারা বাস্তবায়নের কাজ চলছে।খাদিজা খাতুনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, এ পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জন রোহিঙ্গা শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে কোনো রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে না। তবে বৈধভাবে নিবন্ধিত শরণার্থী আছে। এর মধ্যে ২৪ হাজার ৯০২ জন কুতুপালং ও নোয়াপাড়া ক্যাম্পে আছেন। অবৈধভাবে যারা আছে, তারা অনুপ্রবেশকারী।নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে দীপু মনি জানান, ভারতের বিভিন্ন কারাগারে দুই হাজার ২৯৩ জন বাংলাদেশি নাগরিক বন্দী আছেন। বন্দী বাংলাদেশিদের নাগরিকত্ব পরিচিতি নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকার আন্তরিক।