গুম হওয়া ব্যক্তির স্বজনদের যাওয়ার জায়গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গুপ্তহত্যা ও গুমের ঘটনা বাড়ছে। কিন্তু গুম হওয়া ব্যক্তির স্বজনদের যাওয়ার জায়গা নেই। সরকারের কাছে আবেদন করে ফল পাওয়া যায় না। গতকাল শনিবার রাজধানীতে এক পরামর্শ সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা গুপ্তহত্যা আর গুমের বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান। গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘গুম হতে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ’ শীর্ষক দিনব্যাপী এ পরামর্শ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। পরামর্শ সভায় বর্তমান সরকারের আমলে রাজনৈতিক কারণে মানুষ গুম হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের গুম হওয়া নিয়ে কথা বলতে চেয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, উনি দেখা করতেই রাজি হননি।’মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন সরকারে ছিলাম, তখন অপারেশন ক্লিন হার্ট ও ক্রসফায়ার হয়েছে। কিন্তু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, একটি ঘটনাও রাজনৈতিক কারণে ঘটেনি।’সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, গুম করার প্রতিটি ঘটনার বিচার করতে হবে। এটি মানবতা ও সভ্যতার বিরুদ্ধে অপরাধ।গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় নাগরিক আন্দোলনের সদস্যসচিব মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কারও স্বজন হারিয়ে গেলে রাষ্ট্রের কাছে বিচার চাইতে পারবে না, এটা তো হতে পারে না।’কলাম লেখক ফরহাদ মজহার বলেন, নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করছেন, ‘আইনপ্রয়োগকারী বাহিনী তাঁদের তুলে নিয়ে গেছে। কিন্তু আইনপ্রয়োগকারী বাহিনী বরাবরই বলে আসছে, তারা কিছু জানে না। এভাবেই মানুষ হারিয়ে যাচ্ছে। অনেকের লাশ পাওয়া যাচ্ছে। এ এক দুঃস্বপ্নের পরিস্থিতি।’বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, কারও সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এ জন্য প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হলে গণতন্ত্র রক্ষা হবে না। মানবতাবোধ ও মানবিকতাকে গুরুত্ব দিতে হবে। সকালে বাসা থেকে বের হয়ে ঘরে ফেরার নিরাপত্তাটুকু দিতে হবে। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ পত্রিকার একজন সাংবাদিকের ভাইও গুম হয়েছে। এতেই বোঝা যায়, পরিস্থিতি কতটা ভয়াবহ।’নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেন, যাঁরা রাষ্ট্র পরিচালনা করেন, তাঁদের জবাবদিহির জায়গায় নিয়ে যেতে হবে। দাবি আদায়ে জনগণকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গুম প্রতিরোধে আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারকে দায়িত্ব নিতে হবে। অধিকারের সভাপতি সি আর আবরারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মো. ইমান আলী। তিনি বলেন, সব আমলেই গুম হচ্ছে। একাত্তর থেকে এ পর্যন্ত প্রতিটি আমলেই এটা চালু আছে। বাংলাদেশের সংবিধানের বিভিন্ন বিধান অনুযায়ী, সরকার এমন ঘটনা প্রতিরোধে বাধ্য।প্রথম অধিবেশনে অধিকারের উপদেষ্টা ফরহাদ মজহার এবং দ্বিতীয় অধিবেশনে এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের সভাপতি মিগুয়াতো মূল প্রবন্ধ উপস্থাপন করেন।দুই কর্ম অধিবেশনে আরও বক্তৃতা করেন সাংসদ মঈনউদ্দীন খান বাদল ও সৈয়দা আসিফা আশরাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকী, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসের এশিয়া ডেস্কের প্রধান ডেভিড নট, বর্তমান সরকারের আমলে নিখোঁজ বিএনপির নেতা চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শামীম আহমেদের স্ত্রী ঝরনা খানম, তপন দাসের স্ত্রী সুমী দাস প্রমুখ। গুম করাবিষয়ক আন্তর্জাতিক সনদে এ পর্যন্ত ২৩টি দেশ সই করেছে।